• সেকী..! মাত্র ১০ টাকায় চিকেন বিরিয়ানি? লম্বা লাইনে ভিড় ক্রেতাদের, টুকে নিন ঠিকানা
    News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
  • এবার বিরিয়ানি পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকাতেই। শুনে কিছুটা অবাক লাগলেও এটাই সত্যি। তবে রাজ্যের কোন জায়গায় মিলছে এই বিশেষ সুযোগ? অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যেখানে বিরিয়ানির দাম ক্রমশ বাড়ছে, সেখানে মাত্র ১০ টাকায় মিলছে চিকেন বিরিয়ানি, সঙ্গে থাকছে আলুও।

    ছোট্ট একটি প্লেটে পরিবেশন করা হচ্ছে এই বিরিয়ানি, আর বিকেল গড়াতেই তা কিনতে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। মন ভরে উপভোগ করছেন বিরিয়ানির স্বাদ। বিক্রেতা শ্যামল দেবনাথের বলেন, “১০ টাকায় বিরিয়ানি চমক লাগিয়েছি। তো এর আগে তো ৩০ টাকায় ছিল। তো আমি চাই বাচ্চাদের জন্য ছিল। তো বাচ্চারা খাবে, বাচ্চার মা-বাবা খাবে না তা কী কখনও হয়? বাচ্চার দিদিদের খেতে ইচ্ছে করে। তো তার জন্য আমি সবার দিকে তাকিয়ে, যে সবার জন্য মাত্র ১০ টাকায় বিরিয়ানি, যেটা পৃথিবীর মধ্যে কোথাও নেই।চিকেন আছে, রাইস আছে এক নম্বর বাসমতী চাল, রাইস ১২০ টাকা কিলো। একটি বড় আলু আছে, একটি পেঁয়াজ আছে, একটি শশা আছে, একটি চামচ আছে, একটি প্লেট আছে। মোটামুটি ২২ থেকে ২৩ টাকা খরচা, আমি দিচ্ছি ১০ টাকা। শুধুমাত্র মানুষের ভালোবাসার জন্য।”

    আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে চুল ঝরে পড়ে জানেন…? সাবধান, নইলে ফাঁকা মাঠ হয়ে যাবে মাথা

    তবে শুধু ১০ টাকার চিকেন বিরিয়ানিই নয়, রয়েছে আরও এক চমক। বড়রা যদি মাত্র ২ মিনিটের মধ্যে এই বিরিয়ানি খেয়ে শেষ করতে পারেন, তাহলে থাকছে ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা মূল্যের উপহার। আর ছোটদের জন্য সেই সময়সীমা মাত্র ১ মিনিট। অর্থাৎ, ১০ টাকায় চিকেন বিরিয়ানি খাওয়ার পাশাপাশি চ্যালেঞ্জ জিতলে মিলছে আকর্ষণীয় উপহারও।

    এক ক্রেতা সুশান্ত পাল বলেন, “২০ টাকা দাম নিল দু’প্লেটে। পার প্লেট ১০ টাকা করে দু’প্লেটে ২০ টাকা চিকেন বিরিয়ানি। আজকে প্রথম নিলাম তো, নিশ্চয়ই ভালো হবে।”এই অভিনব উদ্যোগের দেখা মিলছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে।

    কাশিশ্বরী বালিকা বিদ্যালয়ের ঠিক সামনেই ফুচকার দোকান বসান শ্যামল দেবনাথ। এর আগেও ফুচকা খাওয়ার বিশেষ চ্যালেঞ্জে সোনার উপহার দিয়ে তিনি ক্রেতাদের চমকে দিয়েছিলেন। এবার সেই ধারাবাহিকতায় নতুন আকর্ষণ মাত্র ১০ টাকায় চিকেন বিরিয়ানি। বিকেল হলেই দোকানের সামনে লম্বা লাইন পড়ছে। স্বল্প দামে বিরিয়ানির স্বাদ, তার সঙ্গে উপহার জেতার সুযোগ, সব মিলিয়ে শ্যামল দেবনাথের এই উদ্যোগ এখন কাটোয়া শহরে রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে।

    বনোয়ারীলাল চৌধুরী
  • Link to this news (News18 বাংলা)