• ‘ধর্মেন্দ্র প্রধানের পাশে রয়েছে দল’, প্রতিক্রিয়া বিজেপির সভাপতি নীতিনের, জরুরি বৈঠকে মোদী-শাহ
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • নিট আন্দোলনের চাপের মুখে শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। এই পরিস্থিতিতে দল তাঁর পাশেই রয়েছে বলে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। অন্য দিকে, ধর্মেন্দ্রর ইস্তফার পরে বৈঠকেও বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এই বৈঠকের পরেই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা শাহের। তার পরেই ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা নাড্ডা এবং জিতেন্দ্রর।

    শনিবার বিকেলে এক্স হ্যান্ডলে ধর্মেন্দ্রর ইস্তফাপত্রটি পোস্ট করে নীতিন লিখেছেন, ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানজি ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় শিক্ষানীতি ,২০২০ সফল ভাবে বাস্তবায়নে ওঁর ভূমিকা গুরুত্বপূর্ণ। বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ওঁর পদত্যাগের সিদ্ধান্ত আসলে সততা ও নিঃস্বার্থ সেবার প্রতীক। দল ধর্মেন্দ্র প্রধানজির পাশে রয়েছে। ওঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’

    প্রসঙ্গত, ধর্মেন্দ্র ইস্তফাপত্রে লিখেছেন, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুবশক্তিই আসল শক্তি। দেশের এই যুবশক্তি যাতে কোনও বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে— সেটাই আমার একমাত্র সংকল্প।’ তাঁর সংযোজন, ‘যন্তর মন্তরে এবং দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সুযোগ নিয়ে কোনও রাষ্ট্রবিরোধী শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, দেশের ঐক্য ও সংহতি যাতে বজায় থাকে, ভারতে পড়ুয়াদের ভবিষ্যৎ-ও যাতে কোনও রকম আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানরা যাতে কোনও বাধা ছাড়াই লেখাপড়া ও কেরিয়ার গড়ায় মনোনিবেশ করতে পারে—এই সব দিক বিবেচনা করেই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

  • Link to this news (এই সময়)