• ‘যারা হিংসা করেছে, মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছে...’, সমাজবিরোধী আখ্যা দিয়ে দূরত্ব বাড়াল CJP
    এই সময় | ২৫ জুলাই ২০২৬
  • বিক্ষোভকারীদের মধ্যে যাঁরা হিংসার আশ্রয় নিয়েছেন, মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছেন, তাঁদের ‘সমাজবিরোধী’ আখ্যা দিয়ে দূরত্ব বাড়াল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সেই ‘সমাজবিরোধী’দের সঙ্গে সিজেপির কোনও যোগ নেই এবং তাঁরা বহিরাগত বলে দাবি করেছেন সংগঠনের নেতা সৌরভ দাস।

    শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পরেই দিল্লির যন্তর মন্তর থেকে ধর্না কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সিজেপি। আন্দোলনের চাপে শনিবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। সিজেপির অন্যান্য দাবিদাওয়াও নরেন্দ্র মোদীর সরকার মেনে নেওয়ায় যন্তর মন্তরের আন্দোলন, বিক্ষোভও প্রত্যাহারের করা হয়।

    কেন্দ্রের সঙ্গে সিজেপি নেতৃত্বের বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন সৌরভ। তিনি বলেন, ‘যারা হিংসার ঘটনা ঘটিয়েছে, যে সব সমাজবিরোধী মিডিয়ার বিরুদ্ধে উস্কানি দিয়েছে, তাদের আচরণের তীব্র নিন্দা করছি। এই ধরনের কিছু সমাজবিরোধী সিজেপি-তে ঢুকে পড়ার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সঙ্গে সিজেপির কোনও যোগ নেই। তারা যা করেছে, তার তীব্র ধিক্কার জানাই।’

    তবে এই আন্দোলন চলাকালীন সংবাদমাধ্যমের একাংশ ‘মিথ্যা প্রচার’ চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন সৌরভরা। তাঁরা বলেন, ‘রিপোর্টারদের দোষ নেই। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের মালিক এবং চ্যানেলের এডিটর ও সঞ্চালকদের জানাতে চাই, তাঁরা যুবসমাজকে নিয়ে যা সব মন্তব্য করেছেন, তাতে মানুষ খুশি নন। এই রকম দিনও আসবে, যে দিন এই বিষয়গুলো নিয়ে যুবসমাজ পথে নামবে। ওই দিন এই সব সংবাদমাধ্যমকেও জবাবদিহি করতে হবে।’

  • Link to this news (এই সময়)