• নিটের জয় থেকে মেনোপজ় হেলথ— আন্দোলনের অভিমুখ বদলে দেওয়ার ডাক বলি অভিনেত্রীর
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • লিসা রে মনে করেন, NEET আন্দোলনে Gen Z যে পরিবর্তনের শক্তি দেখিয়েছে, সেই একই উদ্যম এবার মেনোপজ়, পেরিমেনোপজ় ও নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে কাজে লাগানো উচিত। তিনি গবেষণা বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নত নীতি, সামাজিক ট্যাবু ভাঙা এবং নারীদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন।

    ২৫ জুলাই ২০২৬, নিট আন্দোলন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের জেরে ৩৬ দিনের মাথায় পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে এই পদত্যাগের একটা ব্যাকড্রপ আছে। ৩ মে NEET ২০২৬ হওয়ার পরে জানা যায় প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছিল। অতএব, পরীক্ষা বাতিল। প্রতিবাদে আন্দোলনে নামে ছাত্র-যুব সমাজ। তাঁদের পাশে এসে দাঁড়ান পরিবেশবিদ সোনম ওয়াংচুক। দেশের শিক্ষা ব্যবস্থার শুদ্ধিকরণ, নিট পরীক্ষার স্বচ্ছতা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৮ জুন অনশনে বসেন তিনি। এরপর সময় যত গড়িয়েছে আন্দোলনের ঝাঁঝ বেড়েছে। দিল্লির যন্তর মন্তর থেকে সেই আঁচ গিয়ে পৌঁছয় বিহার, কেরালা এমনকী তিলোত্তমা কলকাতাতেও। আন্দোলনের নেতৃত্বে প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্যের জেরে জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি (CJP)। 

    স্লোগানিং, মিমস, রিলস, কেন্দ্রীয় নেতৃত্বকে ব্যাঙ্গ করে পোস্টার আন্দোলনে যা যা হয় সেই সবই হয়েছে। কোর্টের নির্দেশে অনশনের ২২ দিনের মাথায় সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিল্লি পুলিশ। সংসদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাথর ছোড়া, ছররা গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। তবে সবচেয়ে অভিনব বিষয় ছিল এই আন্দোলনের অগ্রভাগে ছিল সেই Gen Z। যে প্রজন্ম কথায় কথায় সমালোচিত হয় তাদের আচার আচরণের জন্য। তাদেরই জেদের সামনে এক অর্থে মাথা নত করলেন পদত্যাগী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তাদের এই আন্দোলন যেমন প্রশংসা পেয়েছে, তেমনই সমালোচিতও হয়েছে। একটা ঘটনাকে কেন্দ্র করে যে ভিন্ন মত থাকবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু Gen Z-এর জেদ যে সাঙ্ঘাতিক তা যেন এক অর্থে প্রমাণিত হয়ে গেল আবারও। এই উত্তাল সময়েই দেশের এই Gen Z-এর কাছে এক অভিনব আবেদন রাখলেন ক্যানাডিয়ান মডেল অভিনেত্রী লিসা রানি রে। 

    নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন লিসা। এই আন্দোলনের জয়কে অভিবাদন জানিয়েই তরুণ প্রজন্ম এবং Gen X-এর কাছে দাবি শিক্ষার ব্যবস্থার মতোই এবার মধ্যবয়স্কা মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। 

    সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে Gen Z-র প্রশংসা করেছেন লিসা। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্ম যেভাবে নিজেদের মত প্রকাশ করেছে এবং পরিবর্তনের দাবি তুলেছে, তা আশার আলো দেখায় বলেও বিশ্বাস করেন তিনি। লিসা লিখেছেন, ‘সমাজের বড় পরিবর্তন সবসময় উপর থেকে আসে না, বরং শুরু হয় তখনই, যখন সাধারণ মানুষ অন্যায়কে আর স্বাভাবিক বলে মেনে নিতে রাজি হয় না।’ 

    তবে এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। লিসা লেখেন, ‘পৃথিবী বদলের লড়াইয়ের পাশাপাশি এবার তাঁদের নজর দেওয়া উচিত পেরিমেনোপজ়, মেনোপজ়, নারীর স্বাস্থ্য এই বিষয়ে বিশেষ করে নজর দেওয়া প্রয়োজন।’ 

    এই বিষয়ে আরও বেশি করে সচেতনতা বৃদ্ধি, গবেষণা, অফিস পলিসির আপগ্রেডেশন এবং সর্বোপরি সামাজিক সংকোচ দূর করা প্রয়োজন। 

    লিসা রে মনে করিয়ে দিয়েছেন, বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যাই নারী। তাঁরা জীবনের কোনও না কোনও সময়ে এই মেনোপজ়ের মধ্যে দিয়ে যান। অথচ এখনও বেশিরভাগ মহিলার কাছে এই সম্পর্কে পর্যাপ্ত তথ্য, চিকিৎসা ব্যবস্থা বা মেন্টাল সাপোর্ট কোনওটাই নেই। তাই এই বিষয়কে ছোট সমস্যা হিসেবে না দেখারও বার্তা দিয়েছেন লিসা। 

    প্রসঙ্গত, মেনোপজ়, পেরিমেনোপজ় (মেনোপজ়ের পূর্বের পর্যায়)- এই পর্যায়ে মহিলাদের শরীরে নানা রকম হরমোনাল পরিবর্তন ঘটে। বিশেষ করে ইস্ট্রোজেনের কমে যাওয়া নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। হট ফ্ল্যাশ (হঠাৎ করে গরম লাগা), মুড সুইং, অস্টিওপোরেসিস, ঘাম হওয়া, ঘুম না হওয়া— এমন বিভিন্ন সমস্যা রয়েছে। 

    অথচ মুশকিল হলো মহিলাদের সেই সব সমস্যা নিয়েই সব কাজ করে যেতে হয়। সেই মহিলা যদি চাকরিজীবী হন, তা হলে তো কথাই নেই। গর্ভাবস্থায় বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকলেও, মেনোপজ় বা পেরিমেনোপজ়ে শরীরে হাজার অসুবিধা হলেও, তার জন্য কোনও সুযোগ সুবিধা পান না। দুঃখের বিষয় হলেও, আজও মেনোপজ় সম্পর্কে সঠিক শিক্ষা না থাকায় বহু প্রান্তিক মানুষের কাছে এই বিষয়টি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া নয়। কুসংস্কারের বশে ঠাকুরের রোশ ভাবেন। তা নিয়ে অযথা ভীতিতে ভোগেন। এমনকী তা নিয়ে কথা বলতেও ভয় পান। নীরবে সহ্য করে চলেন সব যন্ত্রণা। তাই পরিস্থিতির উন্নতির লক্ষ্যে, নিজেদের দাবিতে Gen Z-এর মতোই Gen X-এর  মহিলাদের গর্জে ওঠার দাবি জানিয়েছেন লিসা। 

    পোস্টের শেষে লিসা নিজেকে ‘আশাবাদী, বিদ্রোহী এবং বাঁচতে চাওয়া এক Gen X নারী’ বলে উল্লেখ করেন লিসা। একই সঙ্গে তাঁর আবেদন, ‘যদি কোনও প্রজন্ম এই নীরব আলোচনাকে জাতীয় বিতর্কে পরিণত করতে পারে, তবে তা  তাঁদের প্রজন্মই।’ 

    NEET আন্দোলনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ, প্রতিবাদ এবং পরিবর্তনের দাবি তোলার সাহসকে তিনি সমাজের জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন।

    তিনি চান, শিক্ষাব্যবস্থার পাশাপাশি Gen Z এবার মেনোপজ়, পেরিমেনোপজ় ও নারীর স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আন্দোলনেও নেতৃত্ব দিক।

    কারণ বিশ্বের অর্ধেক নারী জীবনের কোনও না কোনও সময়ে মেনোপজ়ের মধ্য দিয়ে গেলেও, অনেকেই এখনও পর্যাপ্ত তথ্য, চিকিৎসা ও মানসিক সহায়তা পান না।

    তিনি চিকিৎসা গবেষণা বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নত Menopause Policy, সামাজিক কুসংস্কার দূর করা এবং নারীদের কথা আরও গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানিয়েছেন।

    মেনোপজ় ও পেরিমেনোপজ়ের সময় হট ফ্ল্যাশ, অতিরিক্ত ঘাম, ঘুমের সমস্যা, মুড সুইং, হরমোনের পরিবর্তন এবং অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে।

  • Link to this news (এই সময়)