আপাতত শিক্ষামন্ত্রক দেখবেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় খাদ্য ও ক্রেতা সুরক্ষামন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো তাঁকে। নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রবল চাপের মুখে পড়ে শনিবারই ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এর পরেই পরবর্তী শিক্ষামন্ত্রীর নাম নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। এই আবহে খবর, আপাতত শিক্ষামন্ত্রক দেখবেন প্রহ্লাদ যোশী।
প্রহ্লাদ যোশী কর্নাটকের ধারওয়াড় থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বর্তমানে ভারত সরকারের উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক (Consumer Affairs, Food and Public Distribution)-এর দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে তিনি New and Renewable Energy (MNRE) মন্ত্রকেরও দায়িত্বে রয়েছেন। International Solar Alliance-এরও প্রেসিডেন্ট তিনি।
নিটের প্রশ্নপত্র ফাঁস মামলায় দিল্লির যন্তর মন্তরে ৩৫ দিন ধরে ধর্নায় বসে ককরোচ জনতা পার্টি (KJP)। তাদের প্রধান দাবি ছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভের আগুন জ্বলে। বাদ যায়নি কলকাতাও। সেই ঘটনায় শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান।
ধর্মেন্দ্র প্রধান লেখেন, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমার মন ভারাক্রান্ত। দেশের যুবশক্তিই আসল শক্তি। দেশের এই যুবশক্তি যাতে কোনও বিভ্রান্তির বেড়াজালে আটকে না পড়ে— সেটাই আমার একমাত্র সংকল্প। যন্তর মন্তরে এবং দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সুযোগ নিয়ে কোনও রাষ্ট্রবিরোধী শক্তি যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, দেশের ঐক্য ও সংহতি যাতে বজায় থাকে, ভারতে পড়ুয়াদের ভবিষ্যৎও যাতে কোনও রকম আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানরা যাতে কোনও বাধা ছাড়াই লেখাপড়া ও কেরিয়ার গড়ায় মনোনিবেশ করতে পারে—এই সব দিক বিবেচনা করেই আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আর এর পরেই প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।