বিনামূল্যেই মিলবে চা। দার্জিলিংয়ের পাহাড়ে রয়েছে এমনই একটি দোকান। যেখানে চা খেলে দিতে হয় না কোনও টাকা। বিনা পয়সায় পাবেন খাটি গোরুর দুধের চা। দোকানটি দার্জিলিংয়ের সুকে খণ্ডের সীমানা গোলটারে অবস্থিত। দোকানের মালিক হলেন ডিকি শেরপা।
প্রতিদিন অনেক পর্যটক এই দোকানে ভিড় জমান। আর হাসিমুখে তিনি সবাইকে চা পরিবেশন করেন। এটি একটি জনপ্রিয় পর্যটনস্থলও। এখানে আসা পর্যটকরা চা খেতে খেতে মনোরম পাহাড় ও হিমালয়ের দৃশ্য উপভোগ করেন ।
সীমানা গোলটারে হাসিখুশি স্বভাবের ডিকি শেরপার একটি চা-জলখাবারের দোকান রয়েছে। তাঁর দোকানে জলখাবার, আলু-মিমি, ডিম, ছানা অন্যান্য খাবারের জন্য টাকা দিতে হয়। তবে চায়ের জন্য কোনও টাকা নেন না ডিকি। এখানে আসা স্থানীয় মানুষ থেকে শুরু করে বাইরের পর্যটক—সকলকেই বিনামূল্যে চা খাওয়ান তিনি। ডিকি শেরপা জানিয়েছেন, প্রতিদিন তিনশোরও বেশি মানুষকে তিনি বিনামূল্যে চা খাওয়ান। চাইলে শুধুমাত্র চা বিক্রি করেও তিনি আরও টাকা উপার্জন করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তাঁর দোকানে চা ছাড়া অন্যান্য খাবারের জন্যই শুধু টাকা নেওয়া হয়। অনেকেই ডিকির এই উদ্যোগে বেশ অবাক।
কিন্তু হঠাৎ এই উদ্যোগ কেন? প্রশ্ন করতেই তিনি বলেন, আসলে তিনি তাঁর দোকানে আসা মানুষদের বিনামূল্যে চা খাইয়ে আনন্দ পান। তবে এর পিছনে রয়েছে আরও একটি কাহিনি।
ডিকি শেরপা জানিয়েছেন, তাঁর আগে ওই দোকানটি চালাতেন তাঁর মা। তিনিও একই ভাবে দোকানে আসা সকল গ্রাহকদের বিনামূল্যে চা খাওয়াতেন। মায়ের মৃত্যুর পরে ২০১৮ সাল থেকে তিনি দোকানটি চালাচ্ছেন। মায়ের সেই কাজই তিনি আজও চালিয়ে যাচ্ছেন।
ডিকি শেরপা জানিয়েছেন, 'আমাদের কাছে দোকানে আসা প্রত্যেকেই পর্যটক। তাঁদের চা খাওয়াতে পেরে খুব ভালো লাগে। শুধু উপার্জনই জীবনের সবকিছু নয়, মানুষের সেবাও করা উচিত।'
চায়ের পাতা, চিনি ও দুধ কিনতে খরচ হয়, তা সত্ত্বেও বিনামূল্যে চা খাওয়ালে ব্যবসায় ক্ষতি হয় কি না—এই প্রশ্নের উত্তরে ডিকি বলেন, ব্যবসায় সব সময় লাভ-ক্ষতির হিসাব করা উচিত নয়। জলখাবার বিক্রি করেই সংসার চলে। তিনি মনে করেন, চা খাওয়ানো ধর্মের কাজ, তাই তিনি এই কাজটি চালিয়ে যেতে চান। পর্যটন মরশুমে সীমানা গোলটারে প্রচুর পর্যটক আসেন। পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয় হওয়ায় এই এলাকার বহু মানুষ নিজেদের ব্যবসা চালান। কিন্তু ডিকি শেরপার এই অভিনব উদ্যোগ তাঁকে ওই অঞ্চলে সবার থেকে আলাদা করে তুলেছে।
তবে স্থানীয় মানুষ থেকে পর্যটক সকলের কাছেই ডিকি শেরপা তাঁর চায়ের পাশাপাশি মিষ্টি ব্যবহারের জন্যও পরিচিত।
তথ্য সহায়ক: বিনোদ শর্মা