• ২৫ বছর পর পরিবারে কন্যা সন্তানের জন্ম, আনন্দে যা করলেন দাদু-বাবা, মালদহের ঘটনা আজীবন মনে থাকবে...
    News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
  • কন্যাসন্তান জন্মে ব্যতিক্রমী উদ্যোগ! ২৫ বছর পর পরিবারে কন্যাসন্তানের আগমনে রাজকীয় আয়োজন, উৎসবের আমেজে বরণ নবজাতককে। সমাজের অনেক ক্ষেত্রেই এখনও কন্যাসন্তানের জন্মকে ঘিরে নেতিবাচক মানসিকতা দেখা যায়। সেই প্রচলিত ধারণাকে ভেঙে মালদহের এক পরিবার গড়ে তুলল অনন্য দৃষ্টান্ত। পরিবারের প্রথম কন্যাসন্তানের জন্ম উপলক্ষে ফুল ও বেলুনে সাজানো গাড়িতে করে নবজাতককে বেসরকারি নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসা হয়। গোটা এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

    মালদহ জেলার চাঁচল থানার অরবরা গ্রামের বাসিন্দা মলয় কুমার দাস ও তাঁর স্ত্রী জ্যোতি মণ্ডলের ঘর আলো করে সাত দিন আগে চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। পরিবারের প্রথম সন্তান কন্যা হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে পড়েন সকলেই। নবজাতককে হাসপাতাল থেকে ফুল ও বেলুনে সুসজ্জিত গাড়িতে করে নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার কনুয়া গোপালপুরে তার দাদুর বাড়িতে। সেখানে আগে থেকেই ছিল বিশেষ আয়োজন। বিয়েবাড়ির আদলে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় বাড়ি। মা ও নবজাতককে আরতি করে বরণ করে নেন পরিবারের সদস্যরা। ছোট্ট অতিথিকে স্বাগত জানাতে কেক কেটে আনন্দ ভাগ করে নেন আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।

    নবজাতকের দাদু বীরেন্দ্র নাথ মণ্ডল জানান, প্রায় ২৫ বছর পর তাঁদের পরিবারে কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাই এই আনন্দকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন। তিনি বলেন, “এখনও সমাজের অনেকেই কন্যাসন্তানকে যথাযথ গুরুত্ব দেন না। কিন্তু মেয়েরাই পরিবারের গর্ব। ভালবাসা, শিক্ষা ও সুযোগ পেলে তারাই একদিন পরিবারের মুখ উজ্জ্বল করবে।”

    নবজাতকের বাবা মলয় কুমার দাস বলেন, “আমাদের প্রথম সন্তান কন্যা হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। এমনকি পরিবারে প্রায় ২৫ বছর পর প্রথম কন্যা সন্তান হয়েছে। ছেলে-মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ নেই। তাই এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন করেছি।” পরিবারের এই উদ্যোগ শুধু আনন্দ উদযাপনেই সীমাবদ্ধ নয়, সমাজের উদ্দেশে একটি ইতিবাচক বার্তাও বহন করছে। কন্যাসন্তানও সমান মর্যাদা, ভালবাসা ও সম্মানের অধিকারী। এই বিশ্বাসকেই সামনে রেখে পরিবারের এই ব্যতিক্রমী উদযাপন ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।
  • Link to this news (News18 বাংলা)