বর্ষার ঝিরঝিরে বৃষ্টিতে নিঝুম সবুজে ঢাকা এলাকাটি হঠাৎই থমকে গেল! এমন এক দুপুরে যে ভয়ংকর ঘটনার সাক্ষী হলেন স্থানীয়রা, তা অকল্পনীয়। পরনে প্যান্ট-টিশার্ট এবং হাতে স্মার্টওয়াচ। এক তরতাজা যুবকের রক্তা মাখা নিথর দেহ ঝুলছে বড় গাছের ডালে। নিচে জমা জলে ঠেকে রয়েছে পা। এমন দৃশ্য দেখে শিউরে উঠলেন সবাই। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।
শনিবার দুপুরে স্থানীয় মানুষের নজরে আসে বৃষ্টি ভেজা রাস্তায় রক্তের দাগ লেগে। বিভিন্ন স্থানে রক্তে দেখে সন্দেহ হয় মানুষের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়া ডোমজুড় প্রশস্ততা তরুণ সংঘ ক্লাব সংলগ্ন স্থানে। উদ্বিগ্ন মানুষ খোঁজ শুরু করে গোটা এলাকায়। কোথা থেকে কীভাবে রক্তের দাগ এল, তা নিয়ে চলতে থাকে খোঁজ। এমন সময় জঙ্গলময় এলাকায় একটি বড় গাছের নিচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত একটি দেহ পান মানুষ।
যুবকের পরনে ছিল সবুজ টি শার্ট এবং বাাদামী রংয়ের প্যান্ট। অচেনা যুবকের দেহে বিভিন্ন স্থানে ক্ষতের দাগ পাওয়া গিয়েছে। কীভাবে কারা কখন এমন কাণ্ড ঘটিয়েছে, তা কোনওভাবেই আন্দাজ করতে পারছেন না স্থানীয় মানুষ। নিঃশব্দে সকলের অজান্তেই দুপুরে ওই যুবককে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হতে পারে বলে অনুমান। দেহটির পাশেই পড়েছিল দলা পাকানো একটি রক্তমাখা সাদা রংয়ের কাপড়। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় মানুষের কথায়, যেখানে দেহটি পাওয়া যায়, সেটি জলা জঙ্গল এবং নিরিবিলি স্থান। এখানে মানুষের আসা-যাওয়া কম। এদিন সকালে ওই এলাকায় কিছু চোখে পড়েনি। হঠাৎ দুপুরে এমন কাণ্ড। দুপুরে নিরিবিলি জনশূন্য এই স্থানে কেউ বা কারা এমন ঘটাতে পারে বলে অভিযোগ। যুবকের নাম পরিচয় এখন জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ।