জগদ্ধাত্রী পুজোর ভাসানে সাধারণ মানুষকে লাঠিপেটা, সাসপেন্ড অভিযুক্ত আইসি! বড় পদক্ষেপ শুভেন্দুর
News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে গত বছরের বহুল আলোচিত লাঠিচার্জের ঘটনার জেরে কোতোয়ালি থানার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে। শনিবার বিধানসভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছরের বিসর্জনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
গত বছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় কৃষ্ণনগরের কদমতলা ঘাটে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যদিও কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে ভিড় ও বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়, তবে ওই বছর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
ঘটনার পর কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছিল, বিসর্জন চলাকালীন চকেরপাড়া বারোয়ারি পুজো কমিটির সদস্যরা পুলিশের নির্ধারিত নির্দেশ অমান্য করে প্রতিমা নির্দিষ্ট স্থানের বাইরে দাঁড় করিয়ে রাখেন। এর ফলে অন্যান্য প্রতিমার বিসর্জনে বিঘ্ন ঘটে এবং পুলিশ কর্তব্য পালনে বাধার সম্মুখীন হয়।
পুলিশের দাবি ছিল, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করা হলেও পুজো কমিটির কয়েকজন সদস্য পুলিশকে অশালীন ভাষায় আক্রমণ করেন এবং মহিলা পুলিশ কর্মীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মৃদু লাঠিচার্জ করা হয়। ওই ঘটনায় সরকারি কর্মীদের কাজে বাধা ও মহিলা পুলিশকর্মীকে শারীরিক হেনস্থার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।
এদিকে, ঘটনার পর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তৎকালীন কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে উত্তেজিত অবস্থায় অশালীন ভাষা ব্যবহার করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের তীব্র সমালোচনা করে অভিযোগ করেছিলেন, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশি ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ছিল এবং সেই ব্যর্থতা আড়াল করতেই সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করা হয়েছে।
প্রায় এক বছর পর সেই বিতর্কিত ঘটনারই রেশ ধরে শনিবার বিধানসভা অধিবেশন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃষ্ণনগর কোতোয়ালি থানার প্রাক্তন আইসি অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার ঘোষণা করেন। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।