সিকিমে ভূমিধসে চাপা পড়ে মৃত্যু ২ উদ্ধারকারীর! জখম ৪
প্রতিদিন | ২৬ জুলাই ২০২৬
ভূমিধসে অবরুদ্ধ হয়েছিল গ্রামের রাস্তা। ধসের পাথর-মাটি পরিষ্কারের কাজ চলছিল। সেই ভূমিধসেই চাপা পড়ে ২ শ্রমিকের প্রাণ গেল। গুরুতর জখম হলেন ৪ জন। শনিবার সিকিমের নামচি জেলার রাবং মহকুমার ফামতাম গ্রামের মর্মান্তিক ঘটনা। সিকিম পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম লাল বাহাদুর রাই এবং মান বাহাদুর গুরুং। ঘটনার খবর পেয়ে নামচির জেলাশাসক এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান।
দুর্ঘটনার পরও পাহাড় থেকে পাথর গড়িয়ে নেমেছে। ওই পরিস্থিতির মধ্যেই ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান শুরু হয়। পাথর-মাটির স্তূপ সরিয়ে দুটি দেহ বার করে উদ্ধারকারী দল। এরপর একে একে চার জখম শ্রমিককেও উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, সাদা ও ফামতাম গ্রামে সংযোগকারী ওই রাস্তায় কিছুদিন আগে ভূমিধস নামে। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামগুলো।
শনিবার প্রশাসনিক নির্দেশে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হতে ফের ভূমিধস নেমে রাস্তা অবরুদ্ধ হয়। পাহাড় থেকে হুড়মুড়িয়ে নামে বড় পাথরের চাই, মাটি। উপড়ে পড়ে গাছপালা। কর্মরত শ্রমিকরা পালানোর চেষ্টা করেও পারেনি। পাথরে চাপা পড়ে মারাত্মক জখম অনিল রাই, মোহন বাহাদুর ছেত্রী, মহেন্দ্র রাই এবং সোনম ওয়াংদি ভুটিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিন কয়েক আগেই সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস নামে। মৃত্যু হয় ২৫ জন শ্রমিকের। বেশ কয়েকজনের দেহ উদ্ধার হয়নি বলেও খবর। ওই ঘটনায় বাংলার ১১ জন শ্রমিক মারা গিয়েছেন। সিকিমে দীর্ঘদিন ধরে খারাপ আবহাওয়া চলছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে ভূমিধস দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়।