• প্রধানমন্ত্রীর ছবি জ্বালিয়ে সিগারেটে আগুন, সুখটানে ধৃত যুবক
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৬
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি জ্বালিয়ে সেই আগুনে সিগারেট ধরানোর অভিযোগ। গ্রেপ্তার করা হল অভিযুক্ত যুবককে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসতে। ধৃতের নাম সৌমিক চট্টোপাধ্যায়। ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনা জানাজানি হতেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। কোনও বড় উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য বারাসত থানার পুলিশ জোর নজরদারি চালাচ্ছে।

    নিট আন্দোলন ইস্যুতে পথে ‘আরশোলা’রা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ নিট ইস্যুতে গতকাল, শুক্রবার কলকাতায় কর্মসূচি ছিল এসএফআই ও ‘আরশোলা’দের। গতকাল শিয়ালদহ থেকে কর্মসূচি ছিল। বারাসত থানা এলাকার বাসিন্দা সৌমিক চট্টোপাধ্যায় শিয়ালদহতে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। অভিযোগ, বিক্ষোভ চলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে আগুন ধরানো হয়! শুধু তাই নয়, সেই ছবির আগুন থেকেই সিগারেট ধরাতে দেখা যায়! অভিযোগ, সেই সিগারেট ধরানোর সময়ের ছবি তোলা হয়েছিল। ওই ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করেছিলেন সৌমিক!

    যদিও সামাজিক মাধ্যমের সেই পোস্ট ও তোলা ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এদিকে সামাজিক মাধ্যমে সেই ছবি দেখার পরেই স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়ায়। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ওই যুবক বারাসত-বাদু এলাকার বাসিন্দা। অভিযোগ পেয়ে পুলিশ সৌমিককে গ্রেপ্তার করেছে। ধৃতকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। আজ, শনিবার বেলায় ধৃতকে বারাসত আদালতে নিয়ে তোলা হয়। এদিন বারাসত থানার বাইরে বিজেপি কর্মীরা বিক্ষোভও দেখান। পরিস্থিতি যাতে আয়ত্তের মধ্যে থাকে, সেদিকে নজর রাখছে প্রশাসন। 

    বারাসত ৩ নম্বর মণ্ডলের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অনুশ্রী বৈদ্য বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধিতা বা আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু প্রতিবাদের নামে দেশের প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে অপমান কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান তিনি। ধৃতের বাবা সুব্রত চট্টোপাধ্যায় বলেন, “ছেলে যদি কোনও ভুল করে থাকে, তার বিচার আইন করবে।” তবে দেশের প্রধানমন্ত্রীর ছবি নিয়ে এই কাজকে তিনি সমর্থন করেন না বলেও জানান।
  • Link to this news (প্রতিদিন)