‘ককরোচদের’ কাছে মাথা নত মোদি সরকারের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, উৎসব শুরু যন্তর মন্তরে
বর্তমান | ২৬ জুলাই ২০২৬
নয়াদিল্লি, ২৫ জুলাই: জল্পনার অবসান। অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। আর এই খবর চাউর হতেই উৎসব শুরু হয়েছে দিল্লির যন্তর মন্তরে। গত প্রায় একমাস এই চত্বর ককরোচ আন্দোলনের ‘নিউক্লিয়াস’ হয়ে উঠেছিল। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি নেতৃত্ব।
আজ বিকেলে তৃতীয়বার ‘ককরোচদের’ সঙ্গে বৈঠকে বসার কথা মোদি সরকারের। তার আগে ফের ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরকারের উপরে ক্রমশ চাপ বাড়াচ্ছিলেন আন্দোলনকারীরা। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আরো বড় আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন তাঁরা।
এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান ধর্মেন্দ্র প্রধান। তিনি অভিযোগ করেন, এই আন্দোলনকে ভুল পথে চালিত করছে ‘দেশবিরোধী শক্তি’। তাদের হাত থেকে দেশের যুব সমাজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাঁর পদত্যাগের পদক্ষেপ।