• দক্ষিণ দিনাজপুর জেলায় পিএম সূর্যঘর প্রকল্পে ৫০০ জন গ্রাহক
    বর্তমান | ২৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, হিলি: কেন্দ্রীয় সরকারের পিএম সূর্যঘর প্রকল্পে দক্ষিণ দিনাজপুর জেলায় আরও বেশি সংখ্যক গ্রাহককে অন্তর্ভুক্ত করতে প্রচার শুরু করেছে বিদ্যুৎ দপ্তর। প্রকল্পের সুবিধা বেশি সংখ্যক সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, ব্যাংক এবং বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। 

    দপ্তর সূত্রে খবর, প্রথম পর্যায়ে ইতিমধ্যে প্রায় ৫০০ জন গ্রাহক এই প্রকল্পের আওতায় এসেছেন। চলতি বছরে দক্ষিণ দিনাজপুর রিজিওনাল এলাকায় প্রায় ৪,৬০০ জন উপভোক্তাকে প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণে জেলার বিধায়কদের সঙ্গে বৈঠক করেছে বিদ্যুৎ দপ্তর। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের ডেভেলপমেন্ট ম্যানেজারদের নিয়ে বৈঠক করে সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। 

    দপ্তর সূত্রে জানা গিয়েছে, যাঁদের তিন মাসে এক হাজার ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হয়, এমন ৩৪৮ জন গ্রাহককে চিহ্নিত করে প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি টেলিফোনে যোগাযোগ করে সৌর প্যানেল স্থাপনের সুবিধা, ভরতুকির পরিমাণ, বিদ্যুৎ বিল সাশ্রয় এবং আবেদন পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত জানিয়ে উৎসাহিত করা হচ্ছে। উৎসাহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

    দপ্তরের দাবি, সৌরবিদ্যুৎ প্যানেল বসালে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভরতুকি পাওয়া যেতে পারে। এর ফলে মাসিক বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে, অনেক ক্ষেত্রেই তা শূন্যেও নেমে আসতে পারে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ থাকায় ভবিষ্যতে গ্রাহকদের আর্থিক সাশ্রয়ও বাড়বে। 

    বিদুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌভিক সরকার বলেন, যত বেশি সংখ্যক মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। বিধায়কদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। 

    বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় বলেন, বর্তমান সময়ে বিদ্যুৎ ব্যয় কমানোর ক্ষেত্রে সরকারের পিএম সূর্যঘর প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বাড়লে বহু  পরিবার এর মাধ্যমে  বিশেষ ভাবে উপকৃত হতে পারবেন। 
  • Link to this news (বর্তমান)