• ডুয়ার্সের মূর্তিতে বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ এক পর্যটক
    বর্তমান | ২৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা নাগরাকাটা: ডুয়ার্সের মেটেলির মূর্তিতে বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন এক পর্যটক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ পর্যটকের নাম রাজেশ কুমার (৩৮)। বাড়ি বিহারের সমস্তিপুর জেলার কেসো নিজামতে।

    বুধবার সকালে বিহারের একটি সার কোম্পানির ৬৬ জন পর্যটকের একটি দল আসে মূর্তিতে। মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোরা এলাকার মূর্তি নদী সংলগ্ন একটি বেসরকারি রিসর্টে তাঁরা ওঠেন। অভিযোগ, পরের দিন বৃহস্পতিবার গভীর রাতে বেশ কয়েকজন পর্যটক রিসর্ট থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তারক্ষী বের হতে বাধা দেন। পরে রিসর্টের পিছন দিক দিয়ে নেমে মূর্তি নদীর দিকে যান রাজেশ কুমার। যা রিসর্টের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

    মূর্তি নদীতে যাওয়ার অনুমান করে এনডিআরএফের টিম শুক্রবার দিনভর তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। কিন্তু ওই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে মেটেলিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঘটনার খবর পেয়ে এদিন সকালে রিসর্টে আসেন নিখোঁজ পর্যটকের বাবা সত্যনারায়ণ সিং সহ ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান রাজীবকুমার রায়। সত্যনারায়ণ সিং বলেন, মেটেলি থানার পুলিশকে পুরো বিষয় লিখিতভাবে জানানো হয়েছে। ছেলের খোঁজ চলছে।
  • Link to this news (বর্তমান)