• কুণালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিধানসভায়
    বর্তমান | ২৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধ ও বৃহস্পতিবার বিধানসভায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের ভূমিকাকে ভালো চোখে দেখছে না সরকার পক্ষ। কুণালের আচরণে ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিলেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। নোটিস জমা দেওয়ার সময় তিনি উল্লেখ করেছেন, ‘যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কুণাল ঘোষ করেছেন, তা বিধানসভার স্পিকারের চেয়ারকে অপমান করার শামিল। তাই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দেওয়া হয়েছে।’ এরপর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কুণাল ঘোষকে বলার সুযোগ দেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তখন কুণাল বলেন, ‘স্পিকারের চেয়ারকে অসম্মান করার কোনো ইচ্ছা বা অভিপ্রায় আমার নেই। আমি তা করিনি। তবে অসম্মানের যদি কোনো ঘটনা ঘটে থাকে, আমি দুঃখপ্রকাশ করছি। কিন্তু এটাও বলছি, আমাকে বিধানসভায় বলার সুযোগ দেওয়া হচ্ছে না। আমি যদি কোনো বিষয়ে বলতে আগ্রহ প্রকাশ করি, তখন বক্তার তালিকা থেকে আমার নাম কেটে দিচ্ছেন বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামান। আমাদের বসার জন্য একটা ঘরও দেওয়া হয়নি। এতসবের পরও আমার উপর আক্রমণ চলছে।’ মন্ত্রী শংকর ঘোষ বলেন, ‘তৃণমূলের মধ্যে আপনাদের নিজেদের যা যা সমস্যা, সেটা আপনাদেরই দূর করতে হবে। আমরা কিছু করতে পারব না।’ স্পিকার জানিয়েছেন, স্বাধিকার ভঙ্গের নোটিস জমা পড়েছে। বিষয়টি এখন তাঁর পর্যবেক্ষণে রয়েছে। অন্যদিকে, পুরদপ্তরের বাজেটেও ঋত শিবির কুণালকে বলতে দেয়নি বলে অভিযোগ। তালিকা থেকে নাম বাদ পড়ায় স্পিকারকে চিঠি দেন কুণাল।  
  • Link to this news (বর্তমান)