নিট প্রশ্ন ফাঁস: বর্ধমান মেডিকেলে প্রতিবাদ নয়! নির্দেশ নিয়ে বিতর্ক
বর্তমান | ২৬ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে চলছে ছাত্র আন্দোলন। এই পরিস্থিতিতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ চত্বরে যাবতীয় বিক্ষোভ প্রতিবাদ নিষিদ্ধ ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ। ‘রোগী পরিষেবা এবং পঠনপাঠনের স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই নির্দেশে জানিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তারা জানিয়েছে কলেজ, হাসপাতাল, টার্শিয়ারি ক্যানসার কেয়ার সেন্টার, অনাময় সুপারস্পেশালিটি হাসপাতাল, হস্টেলসহ কলেজ কর্তৃপক্ষের অধীন কোনো জায়গাতেই জমায়েত, প্রতিবাদ মিছিল করা যাবে না। দেওয়া যাবে না ধরনা, কোনো ধরনের স্লোগান। এই নির্দেশনামা ভঙ্গ হলে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। এরপরই শুরু হয়েছে তুমুল শোরগোল। কর্তৃপক্ষের এহেন নির্দেশনামার পরপর কলেজ ও হাসপাতাল চত্বরে বিশাল সশস্ত্র পুলিশবাহিনি ঢোকে। প্রতিবাদ কর্মসূচি স্থগিত করতে বাধ্য হন ছাত্রছাত্রীরা। ছাত্র সংগঠন ডিএসও রীতিমতো প্রেস বিবৃতি জারি করে বলেছে, এই ধরনের নির্দেশনামা একেবারেই অগণতান্ত্রিক। এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য এ-প্রসঙ্গে বলেন, যেকোনো মেডিকেল কলেজ একইসঙ্গে শিক্ষাঙ্গন এবং রোগী পরিষেবার জায়গা। সেখানে দেশ-বিরোধী আন্দোলন বাঞ্ছনীয় নয়।