• ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, জেন জি-দের সমর্থনে আওয়াজ তুললেন টলি তারকারা, কী বললেন অঞ্জন দত্ত, শিলাজিৎ, সুদীপ্তারা
    আজকাল | ২৫ জুলাই ২০২৬
  • নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ক্ষোভের প্রকাশ। তীব্র আন্দোলন ছড়ায় দিল্লির বুকে। ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও পড়ুয়ারা আন্দোলনে নামেন। মূল দাবি ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দিল্লিতে ককরোচ জনতা পার্টির সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগেই, সামনে এল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র পাঠানোর ঘটনা। দিল্লির ছাত্র আন্দোলন যেমন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল ঠিক তেমনভাবেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

    ককরোচ জনতা পার্টি ওরফে সিজেপির এই আন্দোলনের সমর্থনে দেখা গিয়েছে বহু তারকাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত পেশ করে জেন জি-দের পাশে দাঁড়িয়েছিলেন অনেকে। এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগকে যেন একপ্রকার জয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন বহু টলি তারকা। সোশ্যাল মিডিয়ায় কী বলছেন তাঁরা?

    জাতীয় পুরস্কার জয়ী অঞ্জন দত্ত লেখেন, 'শিক্ষার্থীদের জন্য এক বিশাল জয়। এটা গণতান্ত্রিক আন্দোলনের জয়। স্যালুট।

    অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, 'জেন জি-ই পারলো। জেন জি-ই পারবে। জয় হিন্দ।'

    অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য লেখেন, 'আমি চাই এই জেন জি-দের থেকে শিখে কিছু আত্মকেন্দ্রিক ধান্দাবাজ সেয়ানা নৈতিকতাহীন বাবা মায়েরা ভাল মানুষ তৈরি হোক।'

    অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি লেখেন, 'যদি দেশের প্রজন্ম বলে কিছু থাকে, তাহলে শিরদাঁড়া একমাত্র জেন জি-দের আছে।'

    শিলাজিৎ মজুমদার লেখেন, 'Congratulation gen z !! তোমরা প্রাথমিক ভাবে যা চেয়েছিলে পেয়েছো। আর ধন্যবাদ আমাদের দেশের দায়িত্ব যাদের হাতে তাদেরকেও, তারা আমাদের পরবর্তী প্রজন্মর কথা শুনেছেন। এবং দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন। শুধু মাত্র পরবর্তী প্রজন্ম কেন আমরা সাধারণ মানুষ সরকারকে সমালোচনা যেন করতে পারি নির্ভয়ে, এটাই তো একমাত্র অধিকার যার জন্য আমরা বলতে পারি এটা আমার দেশ। আমার দেশে দাঁড়িয়ে আমার সরকারকে যদি আমি সমালোচনা না করতে পারি তাহলে এ দেশের আমি কে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এটা সম্ভব করলো শান্তি বজায় রেখে একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। শুধু আমি কেনো, অনেকেই তোমাদের দেখে অনুপ্রাণিত হলো। তারা হয়তো চুপ করে ছিল, হয়তো বলার সময় পায় নি, বা বলতে চান নি বা অন্য কিছু, কিন্তু তোমাদের সাফল্যে তারাও আজ দারুণ খুশিই হবেন।'
  • Link to this news (আজকাল)