সাঁতরাগাছি থেকে রোজ ছুটছে ভেলোর-বেঙ্গালুরুর বাস, রেল পথের বিকল্প পথে যেতে কত খরচ? কত সময় লাগছে?
News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
হাওড়া থেকে সড়কপথেই এবার দক্ষিণ ভারত! ট্রেন নয়, মিলছে বিলাসবহুল বাস পরিষেবা। বর্তমান সময়ে চিকিৎসা কিংবা কর্মসূত্রে দক্ষিণ ভারত যাওয়ার জন্য অধিকাংশ মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবে প্রতিনিয়ত ট্রেনের টিকিট পাওয়ার সমস্যা এবং বহু আগে থেকে পরিকল্পনা করার ঝক্কি লেগেই থাকে। এই সমস্যার সমাধানে এখন এক চমৎকার বিকল্প হয়ে উঠেছে সড়কপথ। মাত্র ৩৫ থেকে ৪০ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে সহজে পৌঁছে যাওয়া যাচ্ছে বেঙ্গালুরু বা ভেলোরে।
হাওড়ার সাঁতরাগাছি বাস টার্মিনাস থেকে প্রতিদিন সন্ধ্যার দিকে বেঙ্গালুরু ও ভেলোরের উদ্দেশে একাধিক বাস ছেড়ে যায়। যাত্রীচাপ বেশি থাকলে দিনের বেলাতেও বাড়তি বাস পরিষেবা চালু থাকে। বর্তমানে চারটি স্বনামধন্য সংস্থার বিলাসবহুল ভলভো ও স্লিপার বাস এই রুটে নিয়মিত চলাচল করছে। সময় সাশ্রয় ও স্বাচ্ছন্দ্যময় যাত্রার কারণে বহু মানুষ এখন ট্রেনের বদলে এই সড়কপথকেই বেছে নিচ্ছেন। প্রতিটি বাসে বসার (Seater) এবং শুয়ে যাওয়ার (Sleeper) উভয় ক্ষেত্রেই চমৎকার ও বিলাসবহুল ব্যবস্থা রয়েছে।
বসার সিট ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা। স্লিপার সিটি ৫,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা। উল্লেখ্য, মরশুম ও যাত্রীচাপের ওপর ভিত্তি করে ভাড়ার কিছুটা তারতম্য হতে পারে। যাত্রীদের সুবিধার জন্যঅনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই টিকিট কাটার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝামেলা এড়িয়ে জরুরি প্রয়োজনে বা স্বাচ্ছন্দ্যে দক্ষিণ ভারত পৌঁছাতে সাঁতরাগাছি থেকে ছেড়ে যাওয়া এই বিলাসবহুল বাস পরিষেবা নিত্যযাত্রী ও রোগীদের জন্য এক অত্যন্ত সুবিধাজনক সমাধান হয়ে উঠেছে।
কয়েক মাসে এই পরিষেবা যাত্রীদের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য হয়ে উঠেছে। যেখানে ট্রেনের টিকিটের জন্য বিভিন্ন সময়ে অপেক্ষা করতে হয়, সেই দিন শেষ। খুব সহজে অনলাইন ও অফলাইন মাধ্যমে বাসের টিকিট বুক করে পৌঁছনো যেতে পারে ভেলোর বেঙ্গালুরু ভুবনেশ্বর। বাস ছাড়ার ১০ মিনিট আগেও মিলতে পারে টিকিট।