‘ট্রেনে ওই চকোলেটটা...’লালবাগ থেকে শিয়ালদহ, তারপর রহস্য! পাচারকারীর ফাঁদে ৩ স্কুলছাত্রী, উদ্ধার ১
News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
সিনেমার গল্পকেও হার মানাবে বাস্তবের চিত্র। স্কুলে যাওয়ার নামে বেরিয়ে পাচারকারী খপ্পরে বেলডাঙার তিন ছাত্রী। অবশেষে শিয়ালদহ থেকে এক মহিলার সহযোগিতা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী উদ্ধার, এখনও নিখোঁজ ২ ছাত্রী। শিয়ালদহ স্টেশন থেকে এক মহিলার বুদ্ধিমত্তা ও মানবিকতায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী উদ্ধার হলেও, এখনও নিখোঁজ রয়েছে বাকি দুই সহপাঠী।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। বেলডাঙার বেগুনবাড়ি হাইস্কুলের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির তিন ছাত্রী একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে লালবাগের মতিঝিল পার্কে ঘুরতে যায়। সেখান থেকেই তাদের পিছু নেয় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বলে দাবি ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। এরপর তিন ছাত্রী শিয়ালদহগামী ট্রেনে উঠলে ওই ব্যক্তিও তাদের পিছু নিয়ে ট্রেনে ওঠে এবং পরিচয় জমিয়ে বসে।
চলন্ত ট্রেনে অভিযুক্ত ব্যক্তি নাবালিকাদের সন্দেহজনক ট্যাবলেট বা চকলেট জাতীয় কিছু খাওয়ার জন্য প্রলোভন দেখায় বলে অভিযোগ। ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি বিষয়টি বুঝতে পেরে সেই খাবার জানলা দিয়ে ফেলে দিলেও, বাকি দুই ছাত্রী তা খেয়ে নেয়। অভিযুক্তের মূল উদ্দেশ্য ছিল তাদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার বলে অভিযোগ। শিয়ালদহ স্টেশনে পৌঁছানোর পর দুষ্কৃতীর নজর এড়িয়ে কোনও ক্রমে পালিয়ে যায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। স্টেশনে এক অপরিচিত মহিলার কাছে কান্নাভেজা গলায় সাহায্য প্রার্থনা করে সে। ঘটনাটি দেখে ভগবানগোলার কুলগাছি শেখ পাড়ার বাসিন্দা তারজিনা বিবি নামে এক সাহসী মহিলা তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং নিরাপদ আশ্রয় দেন।
শনিবার সকালে তিনি মেয়েটিকে ভগবানগোলা থানার পুলিশের হাতে তুলে দেন। ছাত্রীকে উদ্ধার করার পর তারজিনা বিবি সাহসী মহিলা জানান, বাড়ি ফেরার জন্য স্টেশনে বসে ছিলেন। শুক্রবার শিয়ালদহ স্টেশনে মেয়েটিকে একা কাঁদতে দেখে ও সাহায্য চাইতে শুনে তাকে নিজের কুলগাছি শেখ পাড়ার বাড়িতে নিয়ে আসি। রাত হয়ে যাওয়ায় ছাত্রীকে বাড়িতে রাখি। সকালে সরাসরি ভগবানগোলা থানায় পৌঁছে দিয়ে।
পরিবারের তরফে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে ছাত্রীরা বাড়ি না ফেরায় বেলডাঙা থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। শনিবার থানা থেকে খবর পেয়ে তারা ভগবানগোলা থানায় গিয়ে সন্তানকে সুরক্ষিত অবস্থায় ফিরে পান।
তবে উদ্ধার হওয়া ছাত্রী জানিয়েছে, শিয়ালদহ স্টেশনে অভিযুক্ত ব্যক্তির কাছে এখনও তার অপর দুই সহপাঠী আটকে রয়েছে। পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ দুই নাবালিকা ছাত্রীকে দ্রুত উদ্ধারের জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।