NEET-র প্রশ্নফাঁসের প্রতিবাদে ধর্মতলায় বিশৃঙ্খলা, সাংবাদিকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার করা হয়েছিল ১১ জনকে। রবিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য। শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুরুলিয়ার পাড়া থানার পুলিশ। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ২৭তম কার্গিল বিজয় দিবস। এ দিন কার্গিল যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ। কার্গিল যুদ্ধ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের সুরক্ষা নিশ্চিত করতে যে সব বীর জওয়ান আত্মবলিদান দিয়েছিলেন, পুরো দেশ মনে রেখেছে তাঁদের সেই সাহসিকতা।
বর্ধমানের বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ। গুরুতর জখম কমপক্ষে তিন। শ্রমিকদের একাংশ জানিয়েছেন, ফার্নেসে লোহার ছাঁট দেওয়ার সময়েই ঘটে বিস্ফোরণ। মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফেটে যায় চুল্লি, দাবি শ্রমিকদের। এর আগে গত বছর জুন মাসে পালিতপুরের স্পঞ্জ আয়রন কারখানাতে একই রকম দুর্ঘটনা ঘটে। সেই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং জখম হয়েছিলেন প্রায় ১৫ জন।
দেশ জুড়ে ছাত্র আন্দোলনের জেরে অবশেষে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর পদত্যাগে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। X হ্যান্ডলে মুখ্যমন্ত্রী একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, ‘যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান তখন আমার মন ভারাক্রান্ত। অনেক সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে যাবে। তিনি দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মাধ্যমে, যা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার মজবুত ভিত গড়ে তোলে।’
জার্মানির বার্লিনে LGBTQ প্রাইড অনুষ্ঠানে ঢুকে পড়ল একটি ভ্যান। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন। ঘটনার পরে নিরাপত্তার কারণে বার্লিন পুলিশের তরফে ক্রিস্টোফার স্ট্রিট ডে (Christopher Street Day) প্রাইড প্যারেড বাতিল করা হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজ়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেছে ভারত। তিন ম্যাচের সিরিজ়ে এক ম্যাচ বাকি থাকতেই জিতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আজ রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবেন বৈভব সূর্যবংশী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত কর্মসূচি আজ রবিবার। দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন তিনি। সূত্রের খবর, সোমবার সংসদে প্রশ্নফাঁস রুখতে বিশেষ বিল পেশ করতে পারে মোদী সরকার। তার আগে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর সকলের।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের সমস্ত জেলা। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া.