• বিদেশে বেড়াতে যাচ্ছেন? UPI দিয়ে পেমেন্ট করা যাবে কোন কোন দেশে? দেখে নিন সম্পূর্ণ তালিকা
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • ভারতে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর জনপ্রিয়তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এ বার সেই UPI পরিষেবার পরিধি ধীরে ধীরে বাড়ছে বিদেশেও। এর ফলে বিদেশে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটক, পড়ুয়া, ব্যবসায়ী কিংবা প্রবাসী ভারতীয়দের জন্য পেমেন্ট করা আরও সহজ হচ্ছে। আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ডের উপর নির্ভরতা কমিয়ে UPI-র মাধ্যমে সরাসরি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো বা মার্চেন্টকে পেমেন্ট করা সম্ভব হচ্ছে।

    UPI তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI)। ২০০৭ সালের Payment and Settlement Systems Act-এর আওতায় পরিচালিত এই সংস্থাই ২০২০ সালের এপ্রিলে এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL) গঠন করে। উদ্দেশ্য ছিল RuPay ও UPI-কে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া এবং বিভিন্ন দেশের পেমেন্ট সিস্টেমের সঙ্গে সংযোগ গড়ে তোলা।

    এর ফলে বিদেশে ভারতীয় পর্যটক ও প্রবাসীদের জন্য Cross-border Payment সহজ হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন দেশের স্থানীয় পেমেন্ট পরিকাঠামোর সঙ্গেও UPI যুক্ত হচ্ছে। বর্তমানে Person-to-Person (P2P) এবং Person-to-Merchant (P2M)— দুই ধরনের লেনদেনের সুবিধাই ধীরে ধীরে বিভিন্ন দেশে চালু করা হচ্ছে।

    এখন পর্যন্ত নিম্নলিখিত দেশগুলিতে UPI পরিষেবা চালু হয়েছে—

    ভুটান (P2M)— জুলাই ২০২১

    সিঙ্গাপুর (P2M)— অগাস্ট ২০২১

    সংযুক্ত আরব আমিরশাহি (P2M)— এপ্রিল ২০২২

    সিঙ্গাপুর (P2P)— ফেব্রুয়ারি ২০২৩

    ফ্রান্স (P2M)— ফেব্রুয়ারি ২০২৪

    মরিশাস (P2M)— ফেব্রুয়ারি ২০২৪

    শ্রীলঙ্কা (P2M)— ফেব্রুয়ারি ২০২৪

    নেপাল (P2M)— মার্চ ২০২৪

    কাতার (P2M)— সেপ্টেম্বর ২০২৫

    গ্রিস (P2P)— মে ২০২৬

    নেপাল (P2P)— জুন ২০২৬

    কম্বোডিয়া (P2M)— জুন ২০২৬

    লেনদেনের খরচ কম: আন্তর্জাতিক ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে অনেক সময় অতিরিক্ত ট্রানজ়্যাকশন চার্জ এবং ফরেক্স প্রসেসিং ফি দিতে হয়। UPI ব্যবহারে সেই খরচ অনেকটাই কমে আসে।

    নগদ টাকা বহনের প্রয়োজন কম: বিদেশে বেড়াতে গেলে বেশি পরিমাণ নগদ অর্থ সঙ্গে রাখার প্রয়োজন হয় না। UPI-র মাধ্যমে ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই সরাসরি ডিজিটাল পেমেন্ট করা যায়।

    দ্রুত পেমেন্ট: প্রচলিত আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতির তুলনায় UPI-তে প্রায় তাৎক্ষণিক ভাবে লেনদেন সম্পন্ন হয়। ফলে অপেক্ষা বা বিলম্বের ঝামেলা কমে।

    খরচের হিসাব রাখা সহজ: সমস্ত লেনদেন সরাসরি UPI অ্যাপ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেকর্ড হয়। ফলে বিদেশ সফরের সময় কত খরচ হচ্ছে, তা রিয়েল-টাইমে নজরে রাখা যায়।

    বিদেশে UPI পরিষেবার বিস্তার যত বাড়ছে, ততই ভারতীয় পর্যটক, পড়ুয়া এবং ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক পেমেন্ট আরও সহজ ও সাশ্রয়ী হয়ে উঠছে। আগামী দিনে আরও নতুন দেশের সঙ্গে এই পরিষেবা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

  • Link to this news (এই সময়)