• রাস্তা নাকি আস্ত পুকুর? গোবরডাঙায় চরম ভোগান্তি সাধারণ মানুষের! স্বস্তির আশায় স্থানীয়রা
    News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
  • গোবরডাঙায় এ কি অবস্থা, দেখে চেনার উপায় নেই এ রাস্তা না পুকুর! ভাঙাচোরা রাস্তায় নাজেহাল বাসিন্দারা। গোবরডাঙা শহরের একাধিক রাস্তার এমনই বেহাল দশা, এখন সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের অন্যতম কারণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা, বড় বড় গর্ত এবং সামান্য বৃষ্টিতেই জল জমে যাওয়ায় প্রতিদিন চরম সমস্যার মুখে পড়ছেন হাজার হাজার মানুষকে।

    সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক, প্রবীণ নাগরিক, কর্মজীবী মানুষ, পাশাপাশি টোটো, ভ্যান, রিকশা ও অন্যান্য যানবাহনের চালকেরা। স্থানীয়দের অভিযোগ, শহরের বহু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রাস্তা আর পুকুরের মধ্যে পার্থক্য করা দায়। বৃষ্টির জল জমে গর্তগুলি ঢেকে যাওয়ায় প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ মানুষের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে। এমনই এক চিত্র ধরা পড়েছে গোবরডাঙা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায়।

    এলাকাবাসীর দাবি, রাস্তার বিশাল গর্তটি এখন কার্যত ডোবার আকার নিয়েছে। প্রতিদিন ছোট ছোট পড়ুয়াদের সেই রাস্তা দিয়েই স্কুলে যেতে হচ্ছে। ফলে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। বিদ্যালয়ের শিক্ষকরাও জানিয়েছেন, এই রাস্তার কারণে ছাত্রছাত্রীদের যাতায়াতে প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছে।অন্যদিকে টোটোচালক, ভ্যানচালক, রিকশাচালক, নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি।

    প্রতিদিন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বর্তমানে গোবরডাঙা পৌরসভার দায়িত্ব পাওয়া প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে এই সমস্যা নিয়ে প্রশ্ন তোলা হয়। আধিকারিক জানিয়েছেন, রাস্তা সংস্কারের কাজের পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং দুর্গাপূজার আগেই কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে। তবে সেই প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন গোবরডাঙার সাধারণ মানুষ।
  • Link to this news (News18 বাংলা)