উল্টো রথের পবিত্র তিথিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল যাত্রা শুরু সংঘের ৬৯তম বর্ষের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। রবিবার শুভক্ষণে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হল দুর্গাপুজোর খুঁটি পুজো।
দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে প্রতি বছরই নতুন ভাবনা ও সৃজনশীল থিমের মাধ্যমে দুর্গোৎসবের আয়োজন করে যাত্রা শুরু সংঘ। এই বছরও দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ ও ব্যতিক্রমী থিমের ভাবনা। আজকের খুঁটি পুজোর মধ্য দিয়েই সেই মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হল।
খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য-সদস্যা, শুভানুধ্যায়ী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু স্থানীয় বাসিন্দা। ধর্মীয় রীতি মেনে পুজো সম্পন্ন হওয়ার পর আগামী দুর্গোৎসবের সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।
সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, সকলের সহযোগিতা ও আশীর্বাদে এবারের ৬৯তম দুর্গোৎসবেও ঐতিহ্য, সংস্কৃতি ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটানো হবে। দর্শনার্থীদের জন্য পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।