• কলকাতায় অনুষ্ঠিত হল BLF 2026
    আজকাল | ২৬ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাহিত্য, শিল্প, চলচ্চিত্র, অনুবাদ ও মননচর্চাকে কেন্দ্র করে আইসিসিআর, কলকাতায় অনুষ্ঠিত হল বেঙ্গল আর্টস অ্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল। অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের লেখক, শিল্পী, কূটনীতিক, গবেষক, অনুবাদক ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

    মণিশঙ্কর মুখোপাধ্যায় স্মৃতি মঞ্চে উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক পবিত্র সরকার। উপস্থিত ছিলেন কলকাতায় চিনের কনসাল জেনারেল শু ওয়েই, জাপানের ডেপুটি কনসাল জেনারেল আশিদা কাতসুনোরি এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ-কবি অধ্যাপক সংযুক্তা দাশগুপ্ত।

    অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রকাশিত হয় ‘এ পিটি কল্ড ওয়র’ নামাঙ্কিত দুই শতাধিক কবিতার সংকলন, যার সম্পাদক অধ্যাপক অশোক বিশ্বনাথন এবং কবি-শিক্ষাবিদ স্বরূপা চ্যাটার্জী।

    এই বছরের ‘টেগোর সম্মান ২০২৬’-এ সম্মানিত হন শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, সাহিত্যিক অমর মিত্র, সংগীতশিল্পী অঞ্জন দত্ত, শিল্পোদ্যোগী লতা বাজোরিয়া, শিক্ষাবিদ অধ্যাপক হরিশ মেহতা এবং লেখক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

    সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, প্রকাশনা ও পারফর্মিং আর্টসে তাঁদের অবদানকে স্বীকৃতি জানানো হয়। অনুবাদ ছিল এবারের উৎসবের অন্যতম কেন্দ্রীয় বিষয়। চৈতালী চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় আলোচনায় উঠে আসে ভাষান্তরের নানা নন্দনতাত্ত্বিক ও সাংস্কৃতিক প্রশ্ন।

    তাছাড়া কবিতাও ছিল উৎসবের প্রাণকেন্দ্রে। রবীন্দ্রনাথকে নতুন পাঠের পরিসরে ফিরিয়ে আনে ‘টেগোর ইন ট্রান্সলেশন: দ্য পোস্ট অফিস’ গ্রন্থপ্রকাশ ও আলোচনা অনুষ্ঠান।

    পাশাপাশি প্রদর্শিত হয় রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের তথ্যচিত্র ‘ক্র্যাকিং দ্য গ্লাস সিলিং’। উৎসবে ছিল ডিরোজিও আর্ট গ্যালারি আয়োজিত চিত্রপ্রদর্শনী ‘সুজলাং সুফলাং’ যার ক্যানভাসে ধরা দেয় বঙ্কিম চেতনার নানা অনুষঙ্গ।

    প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা ড. সুদীপ্ত কুমার ঘোষ বলেন, ‘বিএএলএফ এক্সেলার বুকসের পঞ্চম বার্ষিক অনুষ্ঠানের প্রবর্ধিত রূপ। সাহিত্য, শিল্প ও শিক্ষাচর্চাকে একত্রে এনে সংলাপের পরিসর আরও বিস্তৃত করার চেষ্টা করেছি আমরা।’
  • Link to this news (আজকাল)