• মদ্যপ যুবকের তাণ্ডবের প্রতিবাদ, হাওড়ার বাঁকড়ায় খুন যুবক, গুরুতর আহত দুই দাদা
    News18 বাংলা | ২৬ জুলাই ২০২৬
  • মদ্যপ এক যুবকের দীর্ঘদিনের তাণ্ডবে অতিষ্ঠ ছিল গোটা এলাকা। শেষ পর্যন্ত তার দৌরাত্ম্যের প্রতিবাদ করতেই প্রাণ হারাতে হল এক যুবককে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া বাদামতলা-রশিকল এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মৃতের আরও দুই দাদা। অভিযুক্তকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গুড্ডু শেখ দীর্ঘদিন ধরেই মদ্যপ অবস্থায় এলাকায় অশান্তি সৃষ্টি করত। বাসিন্দাদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ, বাড়ির দরজায় ধাক্কা দিয়ে আতঙ্ক ছড়ানো-সহ নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শনিবার রাতেও সে একইভাবে এলাকায় তাণ্ডব চালায়। রবিবার সকালেও গুড্ডু শেখের দৌরাত্ম্য অব্যাহত থাকায় স্থানীয় যুবক হাসান মির এবং তাঁর দুই দাদা এর প্রতিবাদ করেন। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা চালায় গুড্ডু। এলোপাথাড়ি কোপে রক্তাক্ত হয়ে পড়েন তিন ভাই।

    চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা হাসান মিরকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর দুই দাদা এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা বাঁকড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত গুড্ডু শেখের খোঁজে তল্লাশি চলছে।এলাকাবাসীদের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও তার দৌরাত্ম্য বন্ধ হয়নি। এই ঘটনার পর দোষীর দ্রুত গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
  • Link to this news (News18 বাংলা)