• ‘কল্পনাও করতে পারবে না…’ বিজয় দিবসে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • পহেলগামে হামলার পরেই ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের সেনার কোমর ভেঙে দিয়েছিল ভারত। পাকিস্তানের মাটিতে ঢুকে নিজেদের ক্ষমতা দেখিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তানের এলাকায় থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি হামলা চালানো হয় পাকিস্তানের সেনা ঘাঁটিতেও। আর কার্গিল বিজয় দিবসের দিনে সেই কথার উল্লেখ করেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তানের যে কোনও ‘ভুল বা দুঃসাহিক পদক্ষেপ করার’ জবাব এমন ভাবে দেওয়া হবে যা তারা ‘কল্পনাও করতে পারবে না’ বলেও জানিয়েছেন তিনি। পাক-অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনও বিষয় নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে না বলেও সাফ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

    জঙ্গিবাদ সরকারি নীতির অংশ

    রবিবার, কার্গিল বিজয়ের ২৭ বছর পূর্তিতে লাদাখের দ্রাসে উপস্থিত হন প্রতিরক্ষামন্ত্রী। ‘অপারেশন বিজয়’ -এর সময়ে হওয়া কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। সেখানেই ভারতীয় সেনাবাহিনীর সাফল্যর কথা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গেই জঙ্গিবাদ নিয়ে পাকিস্তান সরকারকে নিশানা করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘বর্তমানে পাকিস্তান জঙ্গিবাদকে তাদের সরকারি নীতির অংশ করে তুলেছে। সেখানে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যেকার পার্থক্য সম্পূর্ণ ভাবে মুছে গিয়েছে। সেনাবাহিনী কেবল জঙ্গি সংগঠনগুলিকে রক্ষাই করে না, বরং তাদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজও করে।’

    ভারত যখন উদ্ভাবন, প্রযুক্তি ও উন্নয়নের দিকে মনোযোগ দিচ্ছে, পাকিস্তান তখন অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে বলেও দাবি তাঁর। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত যখন জাহাজ তৈরির কাজে ব্যস্ত, পাকিস্তান তখন সন্ত্রাসবাদের নকশা তৈরিতে ব্যস্ত।’ ভারত জঙ্গি এবং তাদের সাহায্যকারীদের আলাদা চোখে যে দেখবে না তা অপারেশন সিঁদুর-এর সময়েই স্পষ্ট করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

    কল্পনাতীত জবাব দেওয়ার কথা

    গত কয়েক দিনে জম্মু-কাশ্মীরে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। আর, আবার ভারতের মাটিতে পাকিস্তান কোনও হামলা বা দুঃসাহসিক পদক্ষেপ করতে হলে তাঁদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘পাকিস্তানের প্রতিটা শয়তানির জবাব এমন ভাবে দেওয়া হবে যে তারা তা কল্পনাও করতে পারবে না।’ যে কোনও ধরনের প্রতিকূলতা মোকাবিলায় ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

    পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনও বিষয়ে আলোচনা নয়

    পাক-অধিকৃত কাশ্মীর (PoK) ছাড়া পাকিস্তানের সঙ্গে অন্য কোনও বিষয়ে আলোচনা করবে না ভারত তাও রবিবার স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, কাশ্মীরের মতো পাক-অধিকৃত কাশ্মীরও ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান তা অবৈধ ভাবে দখল করে রেখেছে। তাই পাকিস্তানের সঙ্গে যদি কোনও আলোচনা হয়, তা হবে শুধুমাত্র পিওকে নিয়েই বলেও সাফ জানিয়েছেন তিনি।

    এক নজরে:

    FAQ

    কোথায় গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী?

    কার্গিল বিজয়ের ২৭ বছর পূর্তিতে লাদাখের দ্রাসে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেন তিনি।

    পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ভারত?

    কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর ছাড়া অন্য কোনও বিষয়ে আলোচনা হবে না সাফ জানিয়েছেন তিনি।

    কী করছে পাকিস্তানের সরকার?

    ভারত যখন উদ্ভাবন, প্রযুক্তি ও উন্নয়নের দিক মনোযোগ দিচ্ছে, পাকিস্তান তখন অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে চলেছে। ‘বর্তমানে পাকিস্তান জঙ্গিবাদকে তাদের সরকারি নীতির অংশ করে তুলেছে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

    কী করছে ভারত?

    ভারত যখন উদ্ভাবন, প্রযুক্তি ও উন্নয়নের দিকে জোর দিচ্ছে পাকিস্তান তখন সন্ত্রাসবাদের নকশা তৈরি করতে ব্যস্ত। ভারতে পাকিস্তান কোনও হামলা করতে হলে তাদের কল্পনাতীত জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

  • Link to this news (এই সময়)