টোটো থেকে ছিটকে পড়ল দু’মাসের শিশু। বাঁচানো গেল না একরত্তির প্রাণ। রবিবার সকালে মর্মান্তিক এই ঘটনা ঘটে বনগাঁর কালীতলা মাঝেরপাড়া দুই মাইল এলাকায়। শরীরটা ভালো যাচ্ছিল না ছোট্ট বৃষ্টির। মেয়েকে বুকে আগলে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন মা পূজা ঘোষ। ডাক্তার দেখিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টোটোর পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি বাইক। রাস্তায় ছিটকে পড়ে তারা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
টোটো থেকে ছিটকে পড়ে যায় দু'মাসের শিশু। মৃত্যু হয় তার। ডাক্তার দেখিয়ে টোটোয় করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা মারে। অভিযোগ, টোটো নিয়ম ভেঙে গলিতে ঢুকতে গেলে এই বিপত্তি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ছোট্ট বৃষ্টির দু’দিন ধরে জ্বর। কোনও ভাবেই জ্বর নামছিল না। মা পূজা ঘোষ এ দিন তাকে নিয়ে ডাক্তার দেখাতে যায়। স্থানীয় রামনগর রোড দিয়ে টোটোয় করে ফেরার সময়ে ব্যাঙ্ক সংলগ্ন মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে টোটো।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করে টোটোটি ডান দিকে ঘুরে গলিতে ঢুকতে যায়। সেই সময়ে বেড়ি গোপালপুরের দিক থেকে আসা একটি বাইক সজোরে ধাক্কা মারে টোটোয়। টাল সামলাতে না পেরে মা-মেয়ে ছিটকে পড়ে রাস্তায়। এলাকার লোকজন এগিয়ে আসেন। তাঁরাই উদ্ধার করে দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। টোটো ও বাইক আটক করা হয়েছে। এলাকার লোকজনের অভিযোগ, বেপরোয়া ভাবে চলাচল করে টোটো। ইচ্ছেমতো গাড়ি ঘোরায়। এ দিন আচমকাই টোটোটি মোড় ঘুরতে গেলে দুর্ঘটনা ঘটে।