• শ্লীলতাহানির অভিযোগের পরেই আত্মঘাতী প্রৌঢ়!
    আজকাল | ২৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে এসে শ্লীলতাহানির অভিযোগ তুলে গালিগালাজ ও অপমান করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগ থেকেই মানসিক ভাবে ভেঙে পড়ে আত্মঘাতী হলেন চুঁচুড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর পঞ্চাশের তাপস অধিকারী। পরিবারের অভিযোগ, মিথ্যা অপবাদ ও অপমানের জেরেই আত্মঘাতী হয়েছেন তাপস। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার দাবি করেছে পরিবার।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধরমপুর জিটি রোডের পাশে একটি মুদিখানা দোকান রয়েছে তাপস অধিকারীর। অভিযোগ, শনিবার সন্ধ্যায় এলাকারই এক ব্যক্তি তাঁর বাড়িতে এসে একটি মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ তোলেন তাপসের বিরুদ্ধে। তাঁকে উদ্দেশ্য করে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজনও সেখানে জড়ো হয়ে যান।

    পরিবারের দাবি, রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান তাপস। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিবারের সদস্যদের তাপস বাড়ি ফিরলে থানায় গিয়ে দেখা করতে বলা হয় বলে জানা গিয়েছে।

    এরপর রাতেই খবর আসে, ব্যান্ডেল ও হুগলি স্টেশনের মধ্যবর্তী এলাকায় আত্মঘাতী হয়েছেন তাপস। তাঁকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর রবিবার তাঁর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

    পরিবারের অভিযোগ, শ্লীলতাহানির মিথ্যা অপবাদ এবং প্রকাশ্যে অপমানের কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন তাপস। ঘটনার বিচারের দাবি তুলেছেন তাঁরা। পরিবারের দাবি, চুঁচুড়া থানা এবং ব্যান্ডেল জিআরপি থানায় অভিযোগ জানাতে গেলেও তাঁরা অভিযোগ দায়ের করতে পারেননি।

    স্থানীয় বাসিন্দা স্বপন পাল জানান, ছোটবেলা থেকেই তাপসকে চেনেন তিনি। তাঁর দাবি, তাপস ভাল ছেলে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগে কখনও কোনও অপবাদ শোনা যায়নি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।

    ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা এবং প্রকৃত ঘটনা সামনে আসার অপেক্ষায় স্থানীয়রা।
  • Link to this news (আজকাল)