উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, একাধিক কর্মসূচি নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে
দৈনিক স্টেটসম্যান | ২৭ জুলাই ২০২৬
সোমবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে ঝটিকা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দর থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে শিলিগুড়ির বহু প্রতীক্ষিত বর্ধমান রোড ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গকে বিশেষ জোর দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি। এবার সেটা করে দেখাতে চলেছেন। পাশাপাশি একইদিনে ময়নাগুড়ির ঐতিহাসিক জল্পেশ মন্দিরে পুজো দেবেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই জোড়া সফর এবং মেগা প্রকল্প উদ্বোধনকে কেন্দ্র করে শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি পর্যন্ত প্রশাসনিক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা এখন চরমে উঠেছে।
এদিকে শিলিগুড়ির ব্যস্ততম এই করিডরে তীব্র যানজট সমাধানে ২০১৮ সালে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বর্ধমান রোডের এই রেল ওভারব্রিজ। শিলিগুড়ি পুরনিগম, রাজ্য পূর্ত দপ্তর এবং ভারতীয় রেলের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পটির কাজ সম্পূর্ণ হয়েছে। রবিবার শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজার নেতৃত্বে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা পুরো ফ্লাইওভার এলাকা সরেজমিন পরিদর্শন করেন। ভিআইপি মুভমেন্ট, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের গায়ে নীল রঙের বদলে গেরুয়া রঙের প্রলেপ দেওয়া হয়েছে। যা নিয়ে শহরবাসীর মধ্যে কৌতূহল চরমে উঠেছে। এই ফ্লাইওভার চালু হলে শিলিগুড়ির যানজট সমস্যার বড় সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে সোমবার বেলা ১২টার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে পৌঁছবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রবিবার জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক প্রতিনিধিদল জল্পেশ মন্দিরের গর্ভগৃহ-সহ গোটা চত্বর পরিদর্শন করেছেন। মন্দিরের ভিতরেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। নিত্যদিন বহু পুণ্যার্থীর সমাগম ঘটে এখানে। সাধারণ ভক্তদের যাতে পুজো দেওয়া বা ভোগ পাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ বন্দোবস্ত।
তাছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার পর এখানে আগেও এসেছেন শুভেন্দু অধিকারী। তিনি উত্তরবঙ্গে কাজ করতে আসবেন ঘুরতে আসবেন না বলে আগেই বার্তা দিয়েছিলেন। এবারও তা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। তবে শুভেন্দু অধিকারীর সফর নিয়ে জল্পেশ মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক অমর রায় এবং সহ-সভাপতি গিরিশচন্দ্র রায় জানান, মুখ্যমন্ত্রী পুজো দেবেন এবং মন্দিরের বিশেষ প্রসাদ গ্রহণ করবেন। ট্রাস্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর সমস্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচিকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।