• পাঞ্জাবে একাধিক প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইল বিজেপি, পাল্টা মানের দাবি, ‘গ্যারান্টি দিচ্ছি...’
    এই সময় | ২৭ জুলাই ২০২৬
  • দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন প্রহ্লাদ যোশী। কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার পরেই এ বার বিতর্কের তীর আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের দিকে ঘুরিয়ে দিল বিজেপি। রবিবার ভগবন্ত মানের জমানায় একাধিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি X হ্যান্ডলে লিখেছেন, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন?’ পাল্টা কোনও প্রশ্নফাঁস হয়নি বলে দাবি করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

    বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারির অভিযোগ, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের (PSEB) দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (PSTET) এবং কৃষি উন্নয়ন আধিকারিক (ADO) নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পাশাপাশি পাঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (PSSSB) গ্রুপ-বি এবং কম্বাইন্ড নিয়োগ প্রক্রিয়াতেও অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। এছাড়া নায়েব তহসিলদার ও ফার্মেসি অফিসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক টোকাটুকি এবং আবগারি ও কর পরিদর্শক (Excise and Taxation Inspector) নিয়োগের মেধাতালিকায় ভুয়ো নাম থাকার অভিযোগও করেছেন প্রদীপ।

    এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। প্রদীপ লিখেছেন, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বৈন্স কবে পদত্যাগ করছেন?’ একহাত নিয়েছেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও। কিছুটা কটাক্ষের সুরে লিখেছেন, ‘নৈতিকতার খাতিরে অরবিন্দ কেজরিওয়াল কবে তাঁকে পদত্যাগ করতে বলবেন?’

    বিজেপির সুরে গলা মিলিয়েছে কংগ্রেসও। পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজাও দাবি করেছেন, গত চার বছরে অন্তত ছ’টি বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘চার বছরে ছ’টি বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন ভেঙে গিয়েছে। অথচ কোনও জবাবদিহি নেই।’ ভগবন্ত মানের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘পাঞ্জাবের পড়ুয়ারা উত্তর চায়, জবাবদিহি চায় এবং আরও ভালো ভবিষ্যৎ চায়।’

    বিজেপি ও কংগ্রেসের এই অভিযোগকে ‘ভুয়ো প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘গত সাড়ে চার বছরে পাঞ্জাবে কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি গ্যারান্টি দিচ্ছি, ভবিষ্যতেও প্রশ্নপত্র ফাঁস হবে না।’ তিনি জানান, পরীক্ষার সময়ে দু’টি কেন্দ্রে টুকলির অভিযোগ পাওয়া গিয়েছিল। তবে সেটা প্রশ্নপত্র ফাঁস নয়। অভিযোগ পাওয়ার ১০ মিনিটের মধ্যে প্রশাসন ব্যবস্থা নেয় বলে দাবি করেন তিনি। আপ নেতা বলতেজ পান্নুও বলেন, ‘বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইচ্ছাকৃতভাবে টোকাটুকির ঘটনাকে প্রশ্নপত্র ফাঁস বলে প্রচার করা হচ্ছে।’

    ১. পাঞ্জাবে কী অভিযোগ তুলেছে বিজেপি?

    বিজেপির অভিযোগ, আপ সরকারের আমলে একাধিক বোর্ড ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং নিয়োগে অনিয়ম হয়েছে।

    ২. কোন কোন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে?

    PSEB দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, PSTET, ADO নিয়োগ পরীক্ষা, PSSSB গ্রুপ-বি ও কম্বাইন্ড নিয়োগ পরীক্ষার নাম উল্লেখ করেছে বিজেপি।

    ৩. বিজেপি কী দাবি করেছে?

    পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বৈন্সের পদত্যাগ দাবি করেছে বিজেপি। একই সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের কাছেও নৈতিকতার ভিত্তিতে পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

    ৪. কংগ্রেসের অভিযোগ কী?

    পাঞ্জাব কংগ্রেসের দাবি, গত চার বছরে অন্তত ছ'টি বড় প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এর জবাবদিহি হওয়া উচিত।

    ৫. ভগবন্ত মান কী বলেছেন?

    মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গত সাড়ে চার বছরে পাঞ্জাবে কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। কেবল দু'টি কেন্দ্রে টোকাটুকির ঘটনা ঘটেছিল, যার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

    ৬. আপ কেন প্রশ্নফাঁসের অভিযোগ অস্বীকার করছে?

    আপের দাবি, বিরোধীরা টোকাটুকির ঘটনাকে ইচ্ছাকৃতভাবে প্রশ্নপত্র ফাঁস বলে প্রচার করছে। বাস্তবে কোনও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি।

    ৭. এই বিতর্ক নতুন করে কেন সামনে এল?

    কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জাতীয় রাজনীতি সরগরম। সেই আবহেই বিজেপি পাঞ্জাব সরকারের বিরুদ্ধে নতুন করে অভিযোগ তুলেছে।

  • Link to this news (এই সময়)