স্কুল থেকে ফেরার পরেই ঘুরতে বেরিয়েছিল দুই নাবালক। তার পর থেকেই খোঁজ নেই ওই দুই নাবালক বন্ধুর। এই নিয়ে বাড়ছে রহস্য। ওই দুই বন্ধুর নিখোঁজের ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা পুলিশ।
ঘুরতে বেরিয়ে নিখোঁজ
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ্যার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না পিন্টু পাহান ও শুভদীপ কাছুয়া-র। তাদের বাড়ি বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একমাইল এলাকায়। দু'জনেই মালঞ্চা জেড এম আর এম হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। বুধবার বিকেলে স্কুল থেকে বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে দুই বন্ধু ঘুরতে বের হয়। তারপর থেকেই তাদের আর কোনও খোঁজ মিলছে না।
খোঁজ করেও সন্ধান মেলেনি
পরিবারের লোকজন সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেছেন। তার পরেও খোঁজ মেলেনি দুই বন্ধুর। শেষ পর্যন্ত শনিবার রাতে বালুরঘাট থানায় দুই পরিবারের তরফে নিখোঁজ অভিযোগ দায়ের হয়। দুই বন্ধু কোথায় গিয়েছে তা বুঝতে পারছেন তাঁরা। তাদের কেউ অপহরণ করেছে কি না তা নিয়ে ধন্দে দুই পরিবার।
চিন্তা বাড়ছে পরিবারের
পাঁচ দিন ধরে ছেলেদের কোনও খোঁজ না পেয়ে চিন্তা বাড়ছে পরিবারের।
পিন্টুর বাবা অজয় পাহান জানিয়েছেন, ঘুরতে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিল ওই বন্ধু। বাড়ি থেকে জামা-কাপড় কিছু না নিয়ে খালি হাতেই বেরিয়েছিল তারা। একই কথা শুভদীপের বাবা স্বপন কাছুয়া-র। তিনি বলেন, ‘ বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেনি। এমন কি তাদের বকাবকিও করা হয়নি। অভিমান করে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এমন কিছুই হয়নি।ওরা কোথায় গিয়েছে সেটাই বুঝতে পারছি না। ’
তদন্ত শুরু করেছে পুলিশ
এই নিয়ে থানায় জানানোর পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। বালুরঘাট থানার তরফ থেকে আশেপাশের প্রত্যেক থানাকেই দুই নাবালকের নিখোঁজ থাকার বিষয়টি জানানো হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
এক নজরে:
FAQ
কাদের খোঁজ পাওয়া যাচ্ছে না?
খোঁজ মিলছে না বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একমাইল এলাকার পিন্টু পাহান ও শুভদীপ কাছুয়া-র?
কী করে তারা?
দু'জনেই মালঞ্চা জেড এম আর এম হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া।
কবে থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না?
বুধবার বিকেলে স্কুল থেকে ফিরে ঘুরতে বেরিয়েছিল দুই বন্ধু। তার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের।
কী জানিয়েছে পরিবার?
ওই দু'জনকে বকাবকি করা হয়নি। অভিমান করে বাড়ি ছাড়তে পারে এমন কিছু ঘটেনি বলেও জানিয়েছেন পরিবারের সদস্যর।
কী বলছে পুলিশ?
শনিবার রাতে এই নিয়ে অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। আশেপাশের থানাকেও বিষয়টি জানানো হয়েছে।