• স্টেশনের পাশেই পুকুরের পাড়ে একটা লাল ট্রলিব্যাগ! কী আছে ভিতরে? রহস্য ছড়াতেই এল পুলিশ
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • নবদ্বীপে একটি পরিত্যক্ত লাল রঙের ট্রলি ব্যাগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি। প্রথমে ব্যাগটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে নবদ্বীপ থানার পুলিশ ট্রলি ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগ খুলতেই জানা যায়, তার ভিতরে রয়েছে শুধুমাত্র জামাকাপড়। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ ধাম স্টেশনের কাছে বিবেকানন্দ স্টেডিয়ামের পাশের একটি পুকুরপাড়ে দীর্ঘক্ষণ ধরে একটি লাল রঙের ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটির মালিকের কোনও খোঁজ না মেলায় এবং সেটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সন্দেহের সৃষ্টি হয়। এলাকাবাসীর একাংশের মনে আশঙ্কা তৈরি হয়, ব্যাগটির ভিতরে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু থাকতে পারে।

    পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে নবদ্বীপ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সতর্কতার সঙ্গে ট্রলি ব্যাগটি পরীক্ষা করে। পরে ব্যাগটি খুলে দেখা যায়, তার ভিতরে শুধুমাত্র কিছু জামাকাপড় রয়েছে। কোনও বিস্ফোরক বা বিপজ্জনক সামগ্রী না পাওয়ায় স্বস্তি ফিরে আসে এলাকায়।

    এরপর পুলিশ ট্রলি ব্যাগটি উদ্ধার করে নবদ্বীপ থানায় নিয়ে যায়। তবে কে বা কারা ওই ট্রলি ব্যাগটি সেখানে রেখে গিয়েছে এবং কী উদ্দেশ্যে সেটি স্টেডিয়াম সংলগ্ন পুকুরপাড়ে ফেলে রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

    ঘটনার জেরে কিছু সময়ের জন্য নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হলেও শেষ পর্যন্ত ট্রলি ব্যাগে শুধুমাত্র জামাকাপড় মিলতেই স্বস্তি ফিরে আসে। তবে এই ধরনের পরিত্যক্ত বস্তু দেখলে নিজে হাত না দিয়ে দ্রুত পুলিশকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (News18 বাংলা)