এই সময়, আলিপুরদুয়ার: আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে বক্সা ব্যাঘ্র প্রকল্পে ভিন রাজ্য থেকে একটি পূর্ণবয়স্ক বাঘিনি আসছে। তার উপর সর্বক্ষণের নজরদারির জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ি থেকে তিনটি কুনকি হাতি আনা হচ্ছে। সারথি, ভিট্টালা ও ভরত হবে বাঘিনির 'লোকাল গার্জেন'।
রবিবারই এদের নিয়ে আসা হয় বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের নিমাতি রেঞ্জে। সেখানে একদিন বিশ্রামের পরে আজ, সোমবার থেকে তাদের স্থায়ী ঠিকানা হবে বক্সার পিলখানায়। এতদিন ধরে ৭৬০ বর্গ কিলোমিটারের বক্সার জঙ্গল প্রহরায় নিযুক্ত ছিল মাত্র দু'টি কুনকি হাতি জোনাকি ও মমতাজ। এখন থেকে তারা সঙ্গী হিসেবে পাবে তিন কুনকিকে।
জলদাপাড়া জাতীয় উদ্যানের ৮৫টি হাতির মধ্যে সারথী, ভিট্টালা ও ভরতকে বাছা প্রসঙ্গে এক বনকর্তা বলেন, 'বাঘ সামলানোর ক্ষেত্রে কুনকিদের আনুগত্য, দক্ষতা, সাহস ও শেখার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের বিচারে সেই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছে এই তিন কুনকি।'
ওই তিন হাতির মাহুত তপন ওরাওঁ, মুজিবল মিয়া ও নারায়ণ রাভাও এসেছেন বক্সায়। বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ বলেন, 'প্রয়োজনের ভিত্তিতে কুনকির সংখ্যা আরও বাড়ানো হবে।'