ষাটোর্ধ্ব মহিলাকে ধর্ষণের অভিযোগ। প্রতিবাদে সোমবার সকালে জয়নগরে ময়দা রোড অবরোধ এলাকাবাসীর। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধে নামেন এলাকার লোকজন। গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে চলে বিক্ষোভ।
পুলিশ সূত্রে খবর, রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানা এলাকার ওই মহিলা (৬৫) বাড়ির পিছনে কলা বাগানে মোচা কাটতে গিয়েছিলেন। সেই সময়ে সেখানে বেশ কয়েকজন মদ্যপ যুবক বসেছিলেন। তাঁরাই তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ওই মহিলার এক আত্মীয়ের কথায়, ‘এলাকায় প্রায়ই মদ্যপ, জুয়াড়িদের আড্ডা বসে। বাগানে এসে ওরা নোংরামি করে। আমার এক পিসির প্রায় ৭০ বছর বয়স। তাঁকে গণধর্ষণ করেছে। এর আগেও এ রকম ঘটনা ঘটেছে। চুরি, ডাকাতিও নিয়মিত চলে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, এই বাগান পরিষ্কার করা হোক। এ রকম ঘটনা যেন আর না ঘটে।’
ওই আত্মীয়র দাবি, তাঁর পিসি যখন বাগানে আসেন, সেখানে বেশ কয়েকজন বসে মদ খাচ্ছিলেন। পিসির মুখে কিছু স্প্রে করে তাঁকে অচৈতন্য করা হয়। ওই ব্যক্তির প্রশ্ন, একজন এত বয়স্ক মহিলার সঙ্গে যদি এই ঘটনা ঘটে, তা হলে অল্প বয়সি মেয়ে-বৌদের এলাকায় তো কোনও নিরাপত্তাই রইল না।
রবিবার মোচা কাটার জন্য বাড়ি থেকে বেরোলেও দীর্ঘ সময় না ফেরায় বাড়ির লোকেরা বাগানে যান। দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বকুলতলা থানার পুলিশ। পুলিশ পরিবারের বক্তব্যের ভিত্তিতে ধর্ষণের ধারায় মামলা রুজু করেছে। ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ কর্তাদের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত।