যাত্রী পরিষেবা উন্নত করতে হাওড়া স্টেশনে চালু হলো ২৪ নম্বর প্ল্যাটফর্ম। সোমবার যাত্রীদের জন্য আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম। রেল সূত্রের খবর, এই প্ল্যাটফর্মে ২৪ এবং ২৬ কামরার ট্রেন অনায়াসে দাঁড়াতে পারবে।
এতদিন পর্যন্ত ৯ নম্বর প্ল্যাটফর্ম ছিল হাওড়া স্টেশনের দীর্ঘতম প্ল্যাটফর্ম। কিন্তু, এই প্ল্যাটফর্ম দিয়ে দূরপাল্লার ট্রেনে চড়ে যাতায়াতে সমস্যা হতো যাত্রীদের। সেই কারণেই নতুন এই প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রেল। সোমবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো।
মূলত দূরপাল্লার ট্রেন যাতায়াতের জন্য এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। রেল সূত্রে খবর, প্রায় ৩ কোটি টাকা খরচ করে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। জানা গিয়েছে ৬৩৫ মিটার লম্বা এই প্ল্যাটফর্মটি হাওড়া স্টেশনের অন্যতম দীর্ঘ প্ল্যাটফর্ম। এই নতুন প্ল্যাটফর্মে ২৪ এবং ২৬ কামরার দূরপাল্লার ট্রেন দাঁড়াতে পারবে বলে জানিয়েছে রেল।
নয়া এই প্ল্যাটফর্ম চালু হওয়ায় স্টেশনের অন্যান্য প্ল্যাটফর্মের উপরে চাপ কিছুটা কমবে বলে আশা রেলের। সোমবার সকালে উদ্বোধন হওয়া এই প্ল্যাটফর্মে সোমবার দুপুর থেকে পরিষেবা শুরু হবে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেলে পরিকাঠামো আরও উন্নত করা হবে বলে জানা গিয়েছে রেল সূত্রে।
প্রসঙ্গত, জুলাই মাসেই হাওড়া ডিভিশনের রেল পরিকাঠামোয় একাধিক বড় উন্নয়নের ঘোষণা করেছিল পূর্ব রেল। নতুন ট্রেন পরিষেবা, প্ল্যাটফর্ম সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ চলছে। এদিকে, ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে। যদিও এই প্ল্যাটফর্মগুলি চালু করতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন হাওড়া ডিভিশনের রেলের কর্তারা।