আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী! নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, সফরসূচিতে আর কী কী?
News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
আজ ফের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনভর ঠাসা কর্মসূচী রয়েছে তাঁর। সকাল সাড়ে ১১টায় নামবেন বাগডোগরা বিমানবন্দরে। তারপর যাবেন জলপাইগুড়ি। নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যাতে আছে একাধিক প্রশাসনিক বৈঠক।
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সদ্য সাউথ সিকিমের সমরদুংয়ে টানেল বিস্ফোরণের ঘটনায় মৃত রাজ্যের ১১ জন শ্রমিক পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেবেন আজ শুভেন্দু অধিকারী। পরিবারপিছু ৫ লাখ টাকার চেক তুলে দেবেন তিনি।
মূলত বেশ কয়েকটি প্রশাসনিক কাজ নিয়ে জলপাইগুড়ি ও শিলিগুড়ি সফরে আজ মুখ্যমন্ত্রী ৷ তার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক হবে তাঁর ৷ কিছুদিন আগেই সিকিমে একটি সুড়ঙ্গে ধস নামে, মিথেন গ্যাসের বিস্ফোরণ হয় ৷ এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশ কয়েকজন জলপাইগুড়ির বাসিন্দা ৷ তাঁদের পরিবারের সঙ্গে এদিন দেখা করবেন মুখ্যমন্ত্রী ৷ এই উপলক্ষ্যে জেলাশাসকের দফতরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের আর্থিক সহয়তা ও চাকরি দেওয়ার কথা ঘোষণা করবেন ৷ তারপর জল্পেশ মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: মোদির ‘বিকৃত’ ছবি মামলা, FIR অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে! কোন ৩ ধারায় তদন্তে নামল পুলিশ? অভিযোগ বারুইপুর, নদিয়াতেও
জেলাশাসকের কার্যালয়ের পর মুখ্যমন্ত্রীর কনভয় যাবে জেলা বিজেপি কার্যালয়ে। তারপর সড়ক পথে জল্পেশ মন্দির পৌঁছবেন শুভেন্দু। জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। শ্রাবণী মেলা প্রাঙ্গন ঘুরে দেখবেন তিনি। সেখান থেকে সোজা পৌঁছবেন শিলিগুড়ি। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
বাগডোগরায় ফেরার পথে বহু প্রতীক্ষিত শিলিগুড়ির বর্ধমান রোডের উড়ালপুলের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য এবং কেন্দ্রের যৌথ আর্থিক সহযোগিতায় এই উড়ালপুল তৈরি হচ্ছে। এই উড়ালপুল কার্যকর হলে ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগে খুলে যাবে নতুন দিগন্ত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।