অবশেষে প্রতীক্ষার অবসান! যাত্রী ভোগান্তি কমাতে আজ থেকেই চালু হাওড়ার ২৪ নং প্ল্যাটফর্ম
News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
: খুলে যাচ্ছে হাওড়া স্টেশনের ২৪ নং প্ল্যাটফর্ম! হাওড়া স্টেশনের যাত্রী ভিড় সামাল দেওয়া এবং ট্রেন চলাচল আরও মসৃণ করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল পূর্ব রেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রীদের সেবায় খুলে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশনের বহুল কাঙ্ক্ষিত ২৪ নম্বর প্ল্যাটফর্ম।
রেলে সূত্রে জানা গিয়েছে, ২৭ জুলাই সোমবার থেকেই এই নতুন প্ল্যাটফর্ম থেকে আনুষ্ঠানিকভাবে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু করবে। এই প্ল্যাটফর্ম চালু হওয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য প্ল্যাটফর্মে যাত্রী চাপ এক ধাক্কায় অনেকটা কমবে। মূলত পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার ট্রেন এবং নিত্যযাত্রীদের ক্রমাগত চাপ কমাতেই এই সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আধুনিক মানের এই নতুন প্ল্যাটফর্মটি এমনভাবে নকশা ও নির্মাণ করা হয়েছে যাতে সহজে ২২ কোচের বিশালাকার ট্রেনগুলিও এখানে দাঁড়াতে পারে। এর ফলে দীর্ঘ যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা রেল কর্তৃপক্ষের জন্য যেমন সহজ হবে, তেমনই সাধারণ যাত্রীদের ওঠা-নামা করার ক্ষেত্রেও অনেক সহজ হবে এই প্ল্যাটফর্মে।
নতুন প্ল্যাটফর্মে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সুবিধার দিক গুরুত্ব রেখে রেলের নিজস্ব কয়েকটি খাবারের ও প্রয়োজনীয় জিনিসের স্টলও বসান হচ্ছে বলেও জানা গিয়েছে। ফলে সেই দিক থেকেও যাত্রীদের সুবিধা পাবেন যাত্রীরা। শুরু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং নিয়মিত প্যাসেঞ্জার ট্রেনের গন্তব্য হিসেবে এই ২৪ নম্বর প্ল্যাটফর্মটিকে বেছে নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।
তবে শুরুর দিকে প্ল্যাটফর্ম পরিবর্তন সংক্রান্ত কোনও অপ্রীতিকর বিভ্রান্তি বা ভোগান্তি এড়াতে রেল কর্তৃপক্ষ বিশেষ নির্দেশিকা জারি করেছে। নতুন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন আসা এবং যাওয়া করবে, সেই দিক থেকে যাত্রীরা যাতে কোনও সমস্যা না পড়েন, যাত্রীদের স্টেশনের ‘পাবলিক অ্যাড্রেস সিস্টেম’-এর ঘোষণাগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানান হচ্ছে। কর্তৃপক্ষের আশা, নতুন এই বিশ্বমানের প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে হাওড়া স্টেশনের নিত্যদিনের ভিড় ও ঠেলাঠেলি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।