• আদা-ক্যাপসিকাম ২০০ পার! আকাশছোঁয়া আনাজের দর, ভরসা শুধু আলু, কেন আচমকা তৈরি হল এমন পরিস্থিতি
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • : ঘাম ঝরানো গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাজারও যেন আগুন গরম! জলপাইগুড়িতে লঙ্কার ঝাঁঝেই চোখে জল, আদা-সজনায় ‘ডবল সেঞ্চুরি’! ভাবছেন এসব আবার কী? সপ্তাহের শুরুতেই প্রখর রোদে সকালে বাজারে গিয়ে একপ্রকার হাতে ছ্যাঁকা খাওয়ার জোগাড় জলপাইগুড়ির বাসিন্দাদের। দিনবাজার থেকে শুরু করে স্টেশন বাজার, বয়েলখানা, বউবাজার কিংবা ইন্দিরা গান্ধি কলোনি শহরের প্রায় প্রতিটি বাজারেই এখন সবজির দর আকাশছোঁয়া। ১০০ টাকার নিচে সাধারণ শাক-সবজি মেলা ভার!

    বাজারের এই অগ্নিমূল্য পরিস্থিতিতে থলি হাতে কেনাকাটা করতে গিয়ে ঘাম ছুটছে মধ্যবিত্তের। সোমবার সকালে শহরের প্রধান বাজারগুলি ঘুরে দেখা গেল, অধিকাংশ সবজিই এখন ‘সেঞ্চুরি’ বা ‘ডবল সেঞ্চুরি’ হাঁকাচ্ছে। জলপাইগুড়ির বাজারে বর্তমানে কাঁচা আদা, ক্যাপসিকাম এবং সজনা ডাঁটার দাম ছুঁয়েছে কেজি প্রতি ২০০-২৫০ টাকা! দামের ঝাঁঝ বেড়েছে কাঁচা লঙ্কারও। কেজি প্রতি ১২০ টাকা দরে বিক্রি হওয়ায় লঙ্কা কিনতে গিয়ে রীতিমতো চোখে জল আসার উপক্রম ক্রেতাদের। পিছিয়ে নেই অন্যান্য নিত্যপ্রয়োজনীয় আনাজপাতিও।

    পটল, টমেটো, বেগুন কিংবা শসা সবকিছুরই দাম বর্তমানে ঘোরাফেরা করছে ৮০ থেকে ১০০ টাকা কেজির ঘরে। একই অবস্থা শীতকালীন সবজি হিসেবে পরিচিত ফুলকপি ও বাঁধাকপির ক্ষেত্রেও। ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, আর বাঁধাকপির প্রতি কেজির দাম ঠেকেছে ৮০ থেকে ১০০ টাকায়। বাজারে এই আগুনে দামের মধ্যে একমাত্র ব্যতিক্রম আলু। কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকার মধ্যে আলু বিক্রি হওয়ায় সেটাই এখন সাধারণ মানুষের রান্নাঘরের একমাত্র ভরসা। কিন্তু হঠাৎ কেন সবজির বাজারে এই আগুন?

    বিক্রেতারা জানান, আবহাওয়া খামখেয়ালি রূপ নেওয়ায় ক্ষেতেই অনেক ফসল নষ্ট হয়েছে। ফলে বাজারে সবজির জোগান স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। জোগান কমে যাওয়ায় পাইকারি ও খুচরো উভয় বাজারেই দর লাফিয়ে বেড়েছে।আবার কিছু ব্যবসায়ীর কথায়, শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ খান, আনাজপাতির চাহিদা থাকে বেশি সেই কারণেও বাজারের চড়া দাম সবজির। সবজি আকাশছোঁয়া হওয়ায় স্বাভাবিক জমজমাট চেনা বাজারে ক্রেতাদের আনাগোনাও চোখে পড়ার মতো কম। জোগান স্বাভাবিক না হলে এই পরিস্থিতি থেকে দ্রুত মেলা কঠিন বলেই মনে করছেন ব্যবসায়ীরা। আপাতত থলে ভরে বাজার করা তো দায়, তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিন গুনছে সাধারণ মানুষ!
  • Link to this news (News18 বাংলা)