পূর্ব মেদিনীপুরে রহস্যমৃত্যু, গলায় আঘাতের চিহ্ন! স্বামীকে আটক করল পুলিশ
News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার জয়কৃষ্ণপুর এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত খুন। পাশাপাশি, বারবার ১০০ নম্বরে ফোন করেও সময়মতো পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা।
মৃতার নাম মনিকা দাস (৪৬)। পরিবারের দাবি, তিনি বাড়িতে একাই থাকতেন। শনিবার গভীর রাতে মৃতার স্বামী মনোরঞ্জন দাস ফোন করে জানান, মনিকা অসুস্থ হয়ে মারা গিয়েছেন। খবর পেয়ে দুই ভাই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহে একাধিক সন্দেহজনক চিহ্ন দেখতে পান। মৃতার দাদার অভিযোগ, তাঁর বোনের গলায় আঘাতের দাগ ছিল এবং যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। এই পরিস্থিতিতে রাত প্রায় ৩টের সময় তাঁরা জরুরি পরিষেবা ১০০ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চান। অভিযোগ, সেখান থেকে জানানো হয় পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনও পুলিশ না আসায় সকালে তাঁরা বাধ্য হয়ে পাঁশকুড়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতার স্বামী মনোরঞ্জন দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতার দাদার অভিযোগ, “বারবার ১০০ নম্বরে ফোন করেও কোনও সাহায্য পাইনি। আমাদের কাছে পাঁশকুড়া থানার নম্বরও ছিল না। রাত ৩টা থেকে সকাল পর্যন্ত অপেক্ষা করেও পুলিশ আসেনি। শেষ পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ জানাতে বাধ্য হই। আমরা চাই, আমার বোনের মৃত্যুর প্রকৃত তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।”ঘটনাটি খুন নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।