ইনজেকশন দিতেই শরীর আনচান, ছটফট করে শেষ বীরভূম জেলা স্কুলের ক্লাস টেনের ছাত্র, তীব্র চাঞ্চল্য
News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
চিকিৎসায় গাফিলতি এবং ভুল ইনজেকশন দেওয়ার কারণে ১৬ বছরের এক কিশোরের মৃত্যুর মর্মান্তিক অভিযোগ উঠল সিউড়ির এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। সিউড়ি ১৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আবদারপুরের কাছের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। মৃত কিশোরের নাম মৈনাক দাস। সে বীরভূম জেলা স্কুলের ছাত্র ছিল এবং সামনেই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।
কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে হয় খোদ সিউড়ি থানার আইসিকে। মৃত কিশোরের পরিবারের সদস্য সুরঞ্জনা দাসের অভিযোগ, হাসপাতালে চরম অনিয়ম চলছে এবং দায়িত্বপ্রাপ্ত মূল ডাক্তার চিকিৎসা না করে অন্য কাউকে দিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। অন্যদিকে চন্দন দাস নামে এক পরিজন জানান, মর্মান্তিক এই ঘটনার পর কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসক উল্টে তাদের নানাভাবে হুমকি দেন।
খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় বিজেপি নেতা উত্তম কুমার রজক। তিনি জানান, মৃত কিশোরের পরিবারের তরফে অত্যন্ত গুরুতর অভিযোগ তোলা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, চিকিৎসায় কোনও গাফিলতি ছিল না এবং নিয়ম মেনেই সব কাজ করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।