টানা ৪৫ দিন বিবেকানন্দ সেতুতে বাস চলাচল বন্ধ! বালি ব্রিজের বিকল্প কোন পথ? ভোগান্তি এড়াতে জানুন
News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
টানা দেড় মাস বন্ধ থাকবে বালি ব্রিজ! জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতি কাজের জন্য বন্ধ রাখা হবে সেতু। বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতু ব্যবহার করে প্রায় ২৫-৩০টি রুটে বাস চলাচল করে। নির্দেশিকা অনুযায়ী, আজ সোমবার থেকেই বালি ব্রিজ ব্যবহার করে সমস্ত রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে বালি ব্রিজের পরিবর্তে বিকল্প পথে চলাচল করবে বাস। দক্ষিণেশ্বর থেকে দিল্লি রোড ও বোম্বে রোডগামী বাসগুলি আগামী প্রায় ৪৫ দিন বালি ব্রিজের বদলে নিবেদিতা সেতু ব্যবহার করে যাতায়াত করবে।
নির্দেশিকা অনুযায়ী, বাস এবং ভারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ব্রিজ ব্যবহারে। তবে ছোট চারচাকা গাড়ি ও মোটরবাইক চলাচল করতে পারবে। যাত্রী নিরাপত্তার দিক গুরুত্ব দিয়ে দ্রুত মেরামতির কাজ শুরু হচ্ছে। এ বিষয়ে আগেই সংশ্লিষ্ট দফতর, ট্র্যাফিক পুলিশ ও বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছে। পাশাপাশি যৌথ পরিদর্শনও সম্পন্ন হয়েছে। বাসগুলি বালি ব্রিজ পরিবর্তন করে নিবেদিতা সেতু ব্যবহার করতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন জানান হয়েছে। একইসঙ্গে টোল মকুব এবং বালি হল্ট স্টেশন সংলগ্ন স্থানে বাস যাত্রী ওঠানামা করতে জাতীয় সড়কের কাছে একটি অংশ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।
এ প্রসঙ্গে, বালি ব্রিজ ট্র্যাফিক সূত্রে জানা গিয়েছে, সাধারণ যাত্রীদের যাতে বাস পেতে বা যাতায়াত করতে সমস্যা না হয় সে বিষয়ে গুরুত্ব রাখা হচ্ছে। সাধারণ মানুষের অর্থাৎ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যার হয়ে দাঁড়িয়েছে প্রথমদিনে। তবে বিকল্প পথে গন্তব্যে পৌঁছেছেন মানুষ। কিছুটা সমস্যার সম্মুখীন হলেও মানুষের আগামী দিনের নিরাপত্তার দিক গুরুত্ব রেখে ব্রিজ সংস্করণ প্রয়োজন বলেও জানাচ্ছেন। সেইদিক থেকে ব্রিজ সংস্করণ এবং যাতায়াতের বিকল্প ব্যবস্থা উভয় দিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেই জানিয়েছেন যাত্রীরা।