উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন তিনি। অন্নপূর্ণা যোজনার নথি ভেরিফিকেশন চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩০ অগস্টের মধ্যে যোগ্যরা নথিভুক্ত হয়ে যাবেন বলে আশ্বাস তাঁর। উল্লেখ্য, জুন-জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বহু মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে যাঁরা এখনও টাকা পাননি, অথচ যোগ্য, তাঁরাও টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা যোজনা অনেকে পেয়েছেন। অনেকের আবেদন আন্ডার ভেরিফিকেশনে রয়েছে। ৩০ অগস্ট এর মধ্যে যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যাঁরা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তাঁরা পেয়ে যাবেন।’
রাজ্যে মসনদে এসে সবার আগে যে কাজগুলি বিজেপি সরকার করেছিল, তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ফর্ম ফিলআপ করে অনেকেই আবেদন করেছেন। অনেকে পেয়েও গিয়েছেন। কিন্তু এখনও অনেকের উপভোক্তা তালিকায় নাম ওঠেনি। তাঁদের জন্য আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও, পিএম কিষাণ-এর অর্থ বাড়িয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে রাজ্যও টাকা দিচ্ছে। কৃষকবন্ধুর ভেরিফিকেশন শেষ হলে চাষের জমি থাকলেই ৪ হাজার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার উপরের সিলিংয়ের জন্য একটি সিস্টেম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ থেকে যাওয়া একাধিক পরিযায়ী শ্রমিকের। ওই ঘটনায় খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে জলপাইগুড়ি পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ি জেলাশাসক অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
FAQ- পাঠকদের সাধারণ প্রশ্ন
অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার নথি ভেরিফিকেশন চলছে এবং ৩০ অগস্টের মধ্যে যোগ্য মহিলারা এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবেন। যাঁরা এখনও টাকা পাননি কিন্তু যোগ্য, তাঁরাও স্বচ্ছতার ভিত্তিতে টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
অন্নপূর্ণা যোজনা কী এবং কারা সুবিধা পাচ্ছেন?
রাজ্যে ক্ষমতায় আসার পরে সবার আগে যে কাজগুলি করেছিল বিজেপি সরকার, তার মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পে যোগ্য মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হচ্ছে। জুন-জুলাই মাসে ইতিমধ্যেই বহু মহিলার অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গিয়েছে, তবে অনেকের নাম এখনও উপভোক্তা তালিকায় ওঠেনি।
মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে কেন গিয়েছেন?
সম্প্রতি সিকিমে টানেল দুর্ঘটনায় উত্তরবঙ্গ থেকে যাওয়া একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।