বাঁকুড়া-মশাগ্রাম রেল লাইনের ভাদুলে ছিল না কোনও লেভেল ক্রসিংয়ের গেট। ছিল না কোনও নিরাপত্তা রক্ষীও। প্রাণের ঝুঁকি নিয়ে প্রহরীবিহীন সেই লেভেল ক্রসিং দিয়েই নিত্যদিন যাতায়াত করতে হতো স্থানীয়দের। ‘এই সময় অনলাইন’-এ গত ২১ জুলাই এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর তারপরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই লেভেল ক্রসিংয়ে একজন নিরাপত্তারক্ষীকে নিয়োগ করেছে রেল।
প্রসঙ্গত, বাঁকুড়া সদর থানার ভাদুলের উপর দিয়ে বিস্তৃত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের বাঁকুড়া-মশাগ্রাম রেলপথ। এই রেলপথের মধ্যেই রয়েছে ভাদুল লেভেল ক্রসিং। সেই লেভেল ক্রসিংয়ে কোনও গেট বা সিগন্যালিং সিস্টেম নেই। এমনকী কোনও নিরাপত্তারক্ষীও মোতায়েন ছিল না।
দিন কয়েক আগেই মুর্শিদাবাদে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল। কর্ণসুবর্ণের কাছে গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে পুলকারে ধাক্কা মেরেছিল ট্রেন। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ জনের। তারপরেই ওই লেভেল ক্রসিংয়ে নিরাপত্তারক্ষী মোতায়েন করার দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রা।
অবশেষে মিলেছে সাফল্য। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে ভাদুল এলাকার ওই লেভেল ক্রসিংয়ে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে রেল। রেলের নতুন এই পদক্ষেপে খুশি এলাকাবাসীও। স্থানীয় বাসিন্দা বাসুদেব গড়াই, ই-রিকশাচালক অসিত গড়াই-রা বলেন, ‘এত দিন ঝুঁকি নিয়েই আমাদের এই রেল ফটক পারাপার করতে হতো। সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতেই একজন প্রহরী নিয়োগ করা হয়েছে।’