ফের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের। বিষ্ণুপুর থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস ববি। বিষ্ণুপুর থানায় অভিজিৎ দাস ববি অভিযোগে জানিয়েছেন, ২০২২ সালের ১২ জানুয়ারি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আয়োজিত মেগা কোভিড ড্রাইভে একদিনে ৫৫ হাজার মানুষের কোভিড টেস্ট করা হয়েছিল।
সেই কোভিড টেস্টের কিট নিয়েই একাধিক গুরুতর অভিযোগ করেছেন তিনি। অভিজিতের দাবি, ওই কর্মসূচিতে সরকারি তহবিলের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, নির্দিষ্ট একটি ভেন্ডরকে বেআইনি সুবিধা প্রদান, অপ্রশিক্ষিত কর্মীদের দিয়ে কোভিড পরীক্ষা করানো, কোভিড পরীক্ষার তথ্য জালিয়াতি এবং সরকারি লজিস্টিকস ব্যবহার করে সমান্তরাল দলীয় প্রশাসন পরিচালনার মতো অনিয়ম হয়েছে।
অভিযোগে তৎকালীন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমা শাসক এবং অভিষেক ব্যানার্জি-সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
তাঁর দাবি, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত হোক। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সরকারি অর্থের ব্যবহার, কোভিড পরীক্ষার প্রক্রিয়া, সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলিও খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।