ব্রেক জার্নি নয়, এক বাসেই সোজা তারকেশ্বর, শিবভক্তদের জন্য বড় গিফট SBSTC-র
আজ তক | ২৭ জুলাই ২০২৬
ট্রেন জার্নি থেকে মুক্তি
এতদিন দুর্গাপুর বা আশপাশের অঞ্চল থেকে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়া বেশ জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার ছিল। প্রথমে দুর্গাপুর থেকে ট্রেনে চড়ে যেতে বর্ধমান জংশন হত। সেখান থেকে আবার অন্য ট্রেন ধরে শেওড়াফুলি স্টেশন পৌঁছাতে হত। তারপর যাঁরা হেঁটে যাবেন, তাঁরা রওনা দিতেন। ট্রেনে যেতে হলে আবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর লোকাল ধরতে হত। ফেরার সময়ও একই ব্যাপার।
শেওড়াফুলি হয়েই যাবে
অনেক পুণ্যার্থী ঐতিহ্য মেনে গঙ্গাজল নিয়ে শেওড়াফুলি ঘাট থেকে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। সে কথা মাথায় রেখেই বাসের রুট সাজানো হয়েছে। দুর্গাপুর থেকে ছেড়ে বাসটি সরাসরি শেওড়াফুলি হয়ে তারকেশ্বরে যাবে। ফলে যাঁরা হেঁটে যেতে চান, তাঁরা অনায়াসে শেওড়াফুলিতে নেমে পড়তে পারবেন। আর যাঁরা সরাসরি মন্দিরে পৌঁছাতে চান, তাঁরা বাসে বসেই তারকেশ্বর চলে যেতে পারবেন।
গত রবিবার দুর্গাপুর স্টেশন চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পদস্থ আধিকারিকরাও ছিলেন। এদিনের প্রথম যাত্রীদের হাতে পানীয় জলের বোতল ও জলখাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। শ্রাবণী মেলার দিনগুলিতে এই স্পেশাল বাস সার্ভিস চালু হওয়ায় দক্ষিণবঙ্গের এক বিশাল অংশের মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।