• বাসাপাড়ায় শহীদ দিবসের অনুষ্ঠানে কাজল শেখকে লক্ষ্য করে চোর স্লোগান, ছোঁড়া হল ডিম
    দৈনিক স্টেটসম্যান | ২৭ জুলাই ২০২৬
  • এবার বীরভূমের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন বিক্ষোভকারীরা। উঠল ‘কাজল চোর-কাজল চোর’ স্লোগান। সোমবার নানুরের বাসাপাড়ায় শহীদ দিবস পালনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন কাজল। সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতলেও কাজল পরে ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেন।

    সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে সঙ্গে নিয়ে বাসাপাড়ায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন কাজল। বেদিতে মাল্যদান করার পরই তাঁকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে এলাকার কিছু মানুষ। কাজল এবং তাঁর সঙ্গে থাকা তৃণমূল বিধায়ক বিধানচন্দ্রকে লক্ষ্য করে চোর-চোর স্লোগান দেন তাঁরা। এমনকী, গাড়িতে উঠে এলাকা ছাড়ার সময়েও কাজলকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

    এদিনের ঘটনা সম্পর্কে কাজল বলেন, ‘যাঁরা ডিম ছুড়েছেন তাঁরা সমাজবিরোধী। ভিড়ে মিশে থেকে শহীদ মঞ্চকেই অসম্মান করেছেন তাঁরা।’ একই সঙ্গে কাজল জানান, পুলিশ নিশ্চিতভাবেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে কালীঘাট তৃণমূল না কি বিজেপি কারা এই বিক্ষোভ দেখিয়েছেন সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

    উল্লেখ্য, বাম জমানায় ২০০০-এর ২৭ জুলাই রক্তাক্ত হয়েছিল নানুরের সূচপুর ও বাসাপাড়া। নিহত হয়েছিলেন ১১ জন ভূমিহীন খেতমজুর এবং তৃণমূলকর্মী। তাঁদের স্মৃতিতে প্রতি বছরই ২৭ জুলাই ‘শহীদ দিবস’ পালিত হয় নানুরে। ২০০১ থেকেই বাসাপাড়া বাসস্ট্যান্ডে শহীদবেদি তৈরি করে স্মৃতি তর্পণের আয়োজন করে আসছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ও বাসাপাড়ায় শহীদ তর্পণে আসতেন। আগে বাসাপাড়ার এই শহীদ সমাবেশ আয়োজনের দায়িত্বে পালন করতেন অনুব্রত মণ্ডল। পরে সেই দায়িত্ব পান কাজল। সোমবার সেই শহীদ দিবসের অনুষ্ঠানেই তাঁকে চোর বলে কটাক্ষ করে ডিম ছোঁড়া হল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)