• প্রাপ্তবয়স্ক ভিনধর্মী যুগলের বিয়েতে ‘বাধা’, কী জানাল কলকাতা হাই কোর্ট?
    প্রতিদিন | ২৭ জুলাই ২০২৬
  • নিজের পছন্দমতো বিয়ে করতে পারেন প্রাপ্তবয়স্করা। সেক্ষেত্রে ধর্ম কোনও বাধা নয়। ভিনধর্মী যুগলের দায়ের করা মামলায় এমনই নির্দেশ কলকাতা হাই কোর্টের। আগামী ২৯ জুলাই তাঁদের বিয়ে। যাতে কোনও অশান্তি না হয়, তাই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।

    ওই যুগলের পনেরো বছরের সম্পর্ক। বর্তমানে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। কিন্তু এই বিয়ে না করার জন্য বাড়িতে গিয়ে তাঁদের চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যুগলের আরও দাবি, পারিবারিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের হয়। হবু দম্পতির পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, “পরিবার নয়, তৃতীয় পক্ষের দিক থেকে এই বাধা আসছে। একটি রাজনৈতিক দলের সংগঠনের পক্ষ থেকে অবিরত বাধা দেওয়া হচ্ছে। ম্যারেজ রেজিস্ট্রার নোটিস দেওয়ার পর মেয়েটির বাবাকে ডেকে নিয়ে গিয়ে আপত্তি জানাতে বলা হয়। হুমকিও দেওয়া হয়েছে।”

    সবদিক খতিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ভারতীয় আইন অনুযায়ী প্রাপ্তবয়স্কদের সম্মতি থাকলে বিয়েত বাধা দেওয়া যায় না, সেটা ভিনধর্মে হলেও ৷ তাই বিয়ের দিন পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।” রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, উলুবেড়িয়া এলাকার এই ঘটনায় পুলিশ আগে থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছে। প্রাপ্তবয়স্ক বলেই পুলিশ লক্ষ্য রাখছে যাতে অনুষ্ঠানে শান্তিশৃঙ্খলা নষ্ট না হয়। পরিবারের তরফেই অশান্তি তৈরি হচ্ছে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট দিয়ে পুলিশকে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।
  • Link to this news (প্রতিদিন)