• লক্ষ্মীর ভাণ্ডারের পর বিধবা ভাতা! ৩৯ মাস ধরে টাকা ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে, লালগোলায় চাঞ্চল্য
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বিধবা ভাতা, তাও আবার পুরুষের অ্যাকাউন্টে। রাজ্যে শয়ে শয়ে পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গিয়েছিল। এবার মিলল পুরুষ বিধবা ভাতা প্রাপকের খোঁজ। দিনের পর দিন যোগ্য দাবিদারকে বঞ্চিত করে এক পুরুষের অ্য়াকাউন্টে বিধবা ভাতার টাকা ঢুকছে বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলায়, বঞ্চিত হচ্ছেন রোহেনা বিবি। সরকারি ভাতা পাওয়ার কথা এক মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার, অথচ সেই টাকার সুবিধা পাচ্ছেন এলাকারই এক যুবক। ৩৯ মাস ধরে এইভাবেই বিধবা ভাতার টাকা ঢুকে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকায়।

    ভুক্তভোগী রেহেনা বিবির পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন এই অসহায় মহিলার প্রাপ্য বিধবা ভাতার টাকা দীর্ঘ ৩৯ মাস ধরে জমা হচ্ছিল এলাকারই বাসিন্দা জাহাঙ্গির আলম নামে এক যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ২০২৪ সালে বিষয়টি নজরে আসার পর সুবিচারের আশায় পরিবার হন্যে হয়ে ঘুরছে প্রশাসন ও পুলিশের দুয়ারে দুয়ারে। সর্বত্র অভিযোগ জানানোর পরও আজ পর্যন্ত কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ।

    পরিবারের অভিযোগ, জালিয়াতি ও ভুল শুধরে রেহেনা বিবির প্রাপ্য ভাতা ফেরানোর দাবি নিয়ে লালগোলার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) থেকে শুরু করে লালগোলা থানা— সর্বত্র লিখিত অভিযোগ জানানোর পরেও আজ পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। মাসিক এই ভাতার টাকা পাওয়ার অধিকার যার, সেই রেহেনা বিবি যখন অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন অন্য কারও অ্যাকাউন্টে মাসের পর মাস টাকা ঢোকার এই ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কীভাবে এত বড় ভুল বা জালিয়াতি বছরের পর বছর প্রশাসনিক নজর এড়িয়ে রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

    স্থানীয় বাসিন্দা মুসাদুকুর আলম জানান, ৬ মাস পর জানা যায়, অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। বিডিও অফিসে যাওয়া হয়। সেখানে বেশ কয়েকবার ঘোরাতে থাকেন আধিকারিকরা। থানায় যাওয়া হয়। তাতেও কোনও লাভ হয় না। সালিশির ব্যবস্থা করা হয়। তারপরও সুরাহা হয়নি বলে অভিযোগ। অসহায় পরিবারটির এখন একটাই দাবি, দ্রুত তদন্ত করে প্রাপকের বকেয়া টাকা ফেরানো হোক এবং তার পেছনে যুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। যদিও পুলিশ জানিয়েছে, বিষয়টি নজরে আসতেই তারা তদন্ত শুরু করেছে।
  • Link to this news (News18 বাংলা)