• মাছির ভনভন, পাশেই ঘুরছে কুকুর, গা ঘিনঘিন করা কাণ্ড! কীভাবে তৈরি হচ্ছে চানাচুর? দেখলে আর খাবেন না
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • : সন্ধ্যার আড্ডায় চা-মুড়ির সঙ্গে চানাচুর বাঙালির অন্যতম প্রিয় মুখরোচক খাবার। কিন্তু সেই চানাচুর যদি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, তবে তা যে স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে, তারই চাঞ্চল্যকর ছবি সামনে এল উত্তর ২৪ পরগনার হাবড়ায়। শ্রীনগর এলাকায় একটি বেআইনি চানাচুর কারখানায় যৌথ অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ এবং খাদ্য সুরক্ষা (ফুড সেফটি) দফতর। অভিযানে গিয়ে কারখানার ভেতরের দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে যান আধিকারিকরা।

    অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিধির কোনও তোয়াক্কা না করেই সেখানে চানাচুর তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। তদন্তে দেখা যায়, কারখানার মেঝেতেই ছড়িয়ে-ছিটিয়ে রাখা ছিল চানাচুর তৈরির কাঁচামাল ও খাদ্যসামগ্রী। যে ঘরে খাবার তৈরি হচ্ছিল, সেখানেই অবাধে ঘুরে বেড়াচ্ছিল পোষা কুকুর। এছাড়াও চারপাশে মাছির উপদ্রব ছিল বলেও অভিযোগ। আরও চাঞ্চল্যকর বিষয়, বাজারে পাঠানোর জন্য প্রস্তুত প্যাকেটগুলিতে ছিল না কোনও ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট বা প্রয়োজনীয় লাইসেন্স নম্বর। অভিযানে মানিক সাহা ও দুলাল সাহার ওই কারখানা থেকে বিপুল পরিমাণ চানাচুর, প্যাকেজিং মেশিন বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    খাদ্য সুরক্ষা আধিকারিক রিয়া রানা জানান, “অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল। মেঝেতে খাদ্যসামগ্রী পড়ে ছিল এবং সেখানে কুকুর ঘুরে বেড়াচ্ছিল। প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বা প্রয়োজনীয় তথ্য কিছুই ছিল না। এই ধরনের খাবার মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কারখানার মালিক। তাঁর দাবি, “আমার কারখানায় কোনও কুকুর নেই। সমস্ত নিয়ম মেনেই উৎপাদন করা হয়।” তবে অভিযানের সময় তোলা ছবি ও ভিডিওতে ভিন্ন চিত্র ধরা পড়েছে বলে দাবি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও অভিযান চলবে। একই সঙ্গে খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার কড়া বার্তাও দিয়েছে প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)