• মুখ্যমন্ত্রীর উত্তরকন্যা সফরের আগে ভয়াবহ দুর্ঘটনা... আহত দম্পতি! অবরোধে উত্তেজনা এলাকায়
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফরকে ঘিরে সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় শিলিগুড়ির উত্তরকন্যা চত্বর। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে উত্তরকন্যা ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ এবং ট্র্যাফিক কর্মী মোতায়েন করা হয়। মুখ্যমন্ত্রী প্রথমে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে জলপাইগুড়ি জেলা প্রশাসনিক ভবনে যান। সেখানে সম্প্রতি সিকিমের টানেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এরপর জলপেশ মন্দিরে পুজো দিয়ে উত্তরকন্যায় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর।

    তবে মুখ্যমন্ত্রীর উত্তরকন্যায় পৌঁছানোর আগেই ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর প্রায় ২টা নাগাদ উত্তরকন্যার সামনে ট্র্যাফিক সিগন্যাল লাল হওয়ায় একটি মোটরবাইক দাঁড়িয়ে পড়ে। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইকে থাকা স্বামী-স্ত্রী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ট্র্যাফিক পুলিশ ও কর্তব্যরত পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ট্রাকটি কিছু দূরে গিয়ে থেমে গেলে স্থানীয়রা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ নিরাপত্তার স্বার্থে চালককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী উত্তরকন্যার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ব্যস্ত রাস্তায় বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করছে। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

    বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছানোর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ। ঘটনার পর স্থানীয়দের একাংশ প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে যখন গোটা এলাকা কঠোর নিরাপত্তায় মোড়া ছিল, তখনও যদি এমন দুর্ঘটনা ঘটে, তবে সাধারণ দিনে পরিস্থিতি কতটা নিরাপদ? তাঁদের দাবি, উত্তরকন্যা সংলগ্ন রাস্তায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, কঠোর ট্র্যাফিক নজরদারি এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)